অন্তরঙ্গ মুহুর্তের ছবি ফাঁস করলো প্রাক্তন প্রেমিক-
কক্সবাজারের টেকনাফে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২৬শে অক্টোবর) সন্ধায় টেকনাফের হোয়াইক্যং ৮নং ওয়ার্ডের দক্ষিণ খারাংখালী গুদার পাড়া এলাকার সৌদি প্রবাসী রবিউল আলমের মেয়ে সাজু আক্তার (১৬) বাড়িতে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এসময় মেয়েটির মা ও বাড়িতে ছিল না।
পরে বাড়ির লোকজন দেখতে পেলে হৈ চৈ পড়ে যায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশের ১টি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ আলম প্রতিবেশীদের বরাতে জানান, স্থানীয় এক যুবকের সাথে মেয়েটির বিয়ের কথাবার্তা পাকা করেছিল পরিবার। এ খবর জেনে প্রাক্তণ প্রেমিক
মেয়েটির সাথে তোলা অন্তরঙ্গ মুহুর্তের ছবি যুবককে দিলে তাদের মধ্যে মনোমালিন্যের ঘটনা ঘটে। এরই জের ধরে বাবার বাড়িতে ঐ কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।
পুলিশ মেয়েটির কক্ষ থেকে ১টি চিরকুট উদ্ধার করেছে । এতে সে লিখেছে,
“মা আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করিও, বাবাকে দেখে রাখিও।
এভাবে বাবা মা কে উদ্দেশ্য করে চিরকুটটা লিখলেও মৃত্যুর জন্য কাউকে দায়ী করে কিছু লিখে যায়নি বলে জানিয়েছে সুরতহাল করা পুলিশের উপপরিদর্শক আব্দুস সালাম।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
কি কারনে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা পুলিশ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গত ২/৩দিন আগে আত্মহনন করা মেয়েটির সাথে হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ার এলাকার এক যুবকের বিয়ের কথাবার্তা চলছিল ।
এর আগে কক্সবাজারে অবস্থানরত মহেশখালী উপজেলার এক যুবকের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের সূত্র ধরে ঐ যুবক মেয়ের বাড়িতে বেড়াতে আসলে তারা গোপনে দেখা করে এবং ছবি ও ভিডিও ক্লিপ ধারণ করে।
মেয়ের মা-বাবা মেয়ের প্রেমের ঘটনা জানতে পারে, পরে খোঁজ নিয়ে জানতে পারে ওই যুবক বিবাহিত । এঘটনায় মেয়ের মা বাবা এলাকার অন্য ছেলের সাথে বিয়ের কথাবার্তা চুড়ান্ত করে।
খবর পেয়ে কথিত প্রেমিক ব্যক্তিগত মুহুর্তের ছবি সেই যুবকের কাছে পাঠায়। এতে সে ভেঙ্গে পড়ে। মেয়ের মা বিষয়টি সমাধানের আশায় সকালে কক্সবাজারে কথিত প্রেমিকের নিকট ছুটে যান। মা বাড়ি ফিরে আসার আগেই মেয়েটি চিরকুট লিখে সাবেক প্রেমিকের সাথে চরম অভিমানে নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
