টেকনাফে ৫৫ হাজার এম্পুল ডায়াজিপাম ইনজেকশান সহ মিয়ানমারে ঔষধ পাচারকারী সিন্ডিকেটের সদস্য আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নুরুল করিম রাসেল, টেকনাফ :
টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে বিপুল পরিমান ডায়াজিপাম (সিডাক্সিন) ইনজেকশান সহ মিয়ানমারে ঔষধ পাচারকারী সিন্ডিকেটের এক সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় সিন্ডিকেটের অপর এক সদস্যকে পলাতক আসামী করে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভার পানবাজার এলাকার নাজির হোসেনের কলোনির পলাশ ভট্টাচার্যের ঘরে অভিযান চালিয়ে ১০টি কার্টুন ভর্তি ৫৪ হাজার ৯শ ৪০ এ্যাম্পুল নেশা জাতীয় সিডাক্সিন ( ডায়াজিপাম) ইনজেকশন জব্দ করা হয়। এসময় পলাশ ভট্টাচার্য (৩২) কে আটক করা হয়। ধৃত ব্যক্তি চট্টগ্রাম রাউজানের সুলতানপুর ইউনিয়নের মৃত অনুপ ভট্টাচার্যের ছেলে। এছাড়া উক্ত ঘটনায় জড়িত থাকার অপরাধে নয়ন দাস (৩৫) নামের অপর একজন ব্যক্তিকে পলাতক আসামি করা হয়। নয়ন চট্টগ্রাম জেলার মিরসরাই বটতলার নিপেন্দ্রলাল দাসের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ অফিসের সহকারী পরিদর্শক মো: নাসির উদ্দিন জানান, ডায়াজিপাম একটি ঘ শ্রেনীর তালিকাভুক্ত মাদক। এটি চিকিৎসকের অনুমতি সাপেক্ষে ফার্মেসীতে বিক্রি করা যায়। তবে নেশা হিসাবে ব্যবহার ও পাচারের উদ্দেশ্যেই মূলত বিপুল পরিমান ইনজেকশান স্টক করা হয়েছিল।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফ লামার বাজার এলাকায় থ্রী স্টার মেডিকেল নামে পলাশ শর্মা সিন্ডিকেটের মালিকানাধীন একটি ফার্মেসী রয়েছে। উক্ত ফার্মেসীর আড়ালে পলাশ ভট্টাচার্যের নেতৃত্বে নয়ন দাস সহ ৫সদস্যের একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ টেকনাফ স্থল বন্দর দিয়ে মিথ্যা ঘোষনায় বৈধ ঔষধের আড়ালে ও চোরাই ঘাট দিয়ে মিয়ানমারে ঔষধ সহ নেশা জাতীয় দ্রব্য পাচার করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। টেকনাফ স্থল বন্দরের রপ্তানী বানিজ্যের সাথে সম্পৃক্ত একটি চক্রও এর সাথে জড়িত বলে দাবী করেছে সূত্র।
এছাড়া এদের কারো কারো বিরুদ্ধে পূর্বে আইনশৃংখলা বাহিনীর দায়ের করা মামলা রয়েছে বলেও জানা গেছে।