জেটি মেরামত, কেন্টিন ও বিশ্রামাগার নির্মাণসহ নানা দাবীতে টেকনাফ স্থল বন্দরের শ্রমিকদের কর্মবিরতী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরের জেটি মেরামত, কেন্টিন ও বিশ্রামাগার নির্মাণসহ নানা দাবীতে আড়াইঘন্টার কর্মবিরতী পালন করেছে শ্রমিকরা। আজ রবিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত কর্মবিরতিতে ছিল বন্দরে কর্মরত শ্রমিকরা। পরে বন্দরের ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ড ও শ্রমিকদের ত্রিপক্ষীয় সমযোতায় আগামী এক সপ্তাহের মধ্যে দাবী পূরনের আশ^াসে শ্রমিকরা কাজে ফিরে যায়।
টেকনাফ বন্দরের শ্রমিক মাঝি আজগর জানান, বন্দরে শ্রমিকদের বিশ্রামের কোন ব্যবস্থা নেই, নেই কোন টয়লেট-বাথরুম সুবিধা। বন্দরে কোন শ্রমিক অসুস্থ কিংবা আহত হলে চিকিৎসার কোন ব্যবস্থা নেই। এছাড়া ট্রলার থেকে কাঠ আনলোডের জেটি ভেঙ্গে যাওয়ায় পণ্য আনলোডে সমস্যা হয়। দীর্ঘদিন ধরে বন্দর কর্তৃপক্ষকে এসব সমস্যার কথা জানালেও তারা কোন ব্যবস্থা গ্রহন করছেনা। ফলে শ্রমিকরা কর্মবিরতীতে যেতে বাধ্য হয়। পরে এক সপ্তাহের মধ্যে এসব দাবী পূরণের আশ^াসে শ্রমিকরা কাজে ফিরে যায়।
এব্যাপারে টেকনাফ স্থল বন্দর পরিচালনাকারী ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করে বলেন বন্দরের সবকিছু স্বাভাবিক আছে।
প্রসঙ্গত মিয়ানমারের মংডুর সাথে সীমান্ত বানিজ্য শুরু হলে ১৯৯৫ সালে টেকনাফ স্থল বন্দর প্রতিষ্ঠা করা হয়। বন্দর পরিচালনার দায়িত্ব দেয়া হয় ইউনাইটেড ল্যান্ড পোর্ট নামে একটি প্রতিষ্ঠানকে। কিন্তু দীর্ঘদিনেও শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত না হওয়ায় ও পর্যাপ্ত অবকাঠামো উন্নয়নের জন্য তারা দাবী জানিয়ে আসছিল।