তারেকুর রহমান : কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কা-তর্কির পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ২ জন নিহত হয়েছেন।
সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে বাস-টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল হুদা। নিহতরা হলেন-লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (৩৫) ও নুরুল হুদার ছেলে সাইদুল ইসলাম (৩৩)।
কায়সার একটি বাস কাউন্টারের নিরাপত্তারক্ষী ও সাইদুল পেশায় কাঠমিস্ত্রী।
নিহতদের স্বজনরা জানান, ব্যাডমিন্টন খেলায় স্থানীয় আতিকের সাথে তাদের তর্কাতর্কি হয়। পরে তার স্বজন জয়নাল, মিজান, মুফিজসহ আরো কয়েকজন এসে তাদের ওপর হামলা চালায়। এ সময় সাইদুল ও কায়সারকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান জানান, দুজনের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ওসি (তদন্ত) নাজমুল হুদা বলেন, খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ জন নিহত হয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
