কক্সবাজারে অর্ধ কোটি টাকার ইয়াবাসহ ২ যুবক র‌্যাবের হাতে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর পানিরছরা এলাকা থেকে অর্ধ কোটি টাকার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার ভোররাত ৪টার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এরশাদ ফিলিং স্টেশনের সামনে থেকে একটি পিকআপসহ তাদের আটক করা হয়। পরে পিকআপ থেকে ১৬ হাজার ৬০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটকরা হল- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকার খোরশেদ মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৫) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রাজকুন্তি গ্রামের জাবের মিয়ার ছেলে সুজনা মিয়া (২২)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, আটককৃতরা পিকআপে করে কক্সবাজার থেকে ইয়াবা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মহাসড়কের এরশাদ ফিলিং স্টেশন এলাকায় পিকআপটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৬ হাজার ৬০৮ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

ইয়াবা ও পিকআপসহ আটককৃতদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

রামু থানার ওসি লিয়াকত আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।