টেকনাফ টুডে ডেস্ক : প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী আফগানিস্তান৷ তাই আফগান মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশের বুকে আঘাত হানতে দেবে না সরকার৷ শনিবার এমনটাই জানিয়ে দিয়েছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুল রাহিম৷ খবর তুর্কি দৈনিক ইয়েনি আকিতের।
আফগান নেতারা জেনেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আর এ কাজে আফগানিস্তানে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে চায় মার্কিন সেনারা৷ তবে এতে রাজি নেই কাবুল৷
তুরস্কের দৈনিক ইয়েনি আকিতকে দেওয়া সাক্ষাতকারে আবদুল রাহিম বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই৷ তাই ইরান ও পাকিস্তানের মতো দেশগুলোর বিরুদ্ধে আফগানিস্তানে অবস্থিত মার্কিন ঘাটিগুলো ব্যবহারের অনুমোদন কাবুল সরকার দেবে না৷’
সেই সঙ্গে আফগানিস্তানের এই মার্কিন ঘাটিগুলি প্রতিবেশী দেশগুলির কাছেও উদ্বেগের বলে মন্তব্য করেন আফগান কর্মকর্তা৷ একটি চুক্তির কথা মনে করিয়ে তিনি বলেন, ‘কাবুল সরকার ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করেছিল৷ সেই চুক্তি অনুযায়ী আফগানিস্তানে অবস্থিত ঘাঁটিগুলি প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধ কখনোই ব্যবহার করতে পারবে না আমেরিকা৷’
