টেকনাফ টুডে ডেস্ক : ইউক্রেনের মাঠে হার, সুইজারল্যান্ডের মাঠে ড্র; দুই অ্যাওয়ে ম্যাচে হোঁচটের পর জয়ের বিকল্প ছিল না স্পেনের। খাদের কিনারায় দাঁড়িয়ে যেন স্বমহিমায় জ্বলে উঠল দলের সবাই; খেলল পরিকল্পিত আক্রমণাত্মক ফুটবল। তরুণ ফেররান তরেসের দারুণ হ্যাটট্রিকে জার্মানিকে গোলবন্যায় ভাসিয়ে নেশন্স লিগের শিরোপা লড়াইয়ে পা রাখলো লুইস এনরিকের দল।
সেভিয়ায় মঙ্গলবার রাতে ড্র করলেই লক্ষ্য পূরণ হতো জার্মানির; কিন্তু ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি তারা। ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ফাইনালসে ওঠার লড়াইয়ে ৬-০ গোলে জিতেছে স্পেন। তাদের অন্য তিন গোলদাতা আলভারো মোরাতা, রদ্রি ও মিকেল ওইয়ারসাবাল।
প্রথম রাউন্ডে গত সেপ্টেম্বরে জার্মানির মাঠে পিছিয়ে পড়ার পর যোগ করা সময়ের শেষ দিকের গোলে ১-১ ড্র করে ফিরেছিল স্পেন। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেই প্রতিপক্ষকে এবার দাঁড়াতেই দিল না তারা।
প্রতিযোগিতামূলক ফুটবলে জার্মানির এটাই সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই স্প্যানিশদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। তবে ডি-বক্সের ঠিক বাইরে থেকে সের্হিও রামোসের নিচু ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক মানুয়েল নয়ার।
মোরাতার নৈপুণ্যে সপ্তদশ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় স্পেন। দূরের পোস্টে ফাবিয়ান রুইসের নেওয়া কর্নারে লাফিয়ে কোনাকুনি হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ইউভেন্তুসে খেলা স্ট্রাইকার।
