টেকনাফ টুডে ডেস্ক : চীনের মধ্যাঞ্চল ইউহান শহরে ‘রহস্যজনক’ নিউমোনিয়ার আক্রমণ দেখা দিয়েছে, যাতে এখন পর্যন্ত অনেক মানুষ আক্রান্ত হয়েছে। এ বিষয়ে তদন্ত করতে কর্তৃপক্ষ এরই মধ্যে তৎপরতা শুরু করেছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার পর্যন্ত এ পর্যন্ত রহস্যজনক এই ভাইরাসে অন্তত ৪৪ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এ সংক্রমণের কারণে ওই এলাকা থেকে আসা পর্যটকদের স্ক্রিনিং বা পরীক্ষা করতে শুরু করেছে সিঙ্গাপুর ও হংকং।
অনলাইনে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে, এই ভাইরাসের সঙ্গে হয়তো সার্স-সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম রোগের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে। প্রাণঘাতী এই রোগটি ফ্লু এর মতোই। চীনে উৎপত্তি হওয়ার পর সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে ২০০২-২০০৩ সালে বিশ্বে ৭০০ মানুষ প্রাণ হারিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের শঙ্কা ছড়িয়ে পড়েছে যে, অত্যন্ত সংক্রামক এই রোগের সঙ্গে হয়তো নতুন রহস্যজনক এই ভাইরাসের মিল রয়েছে।
ইউহানের পুলিশ জানিয়েছে, যাচাই ছাড়াই ভুল বা মিথ্যা তথ্য ইন্টারনেটে প্রকাশ বা ফরোয়ার্ড করার অভিযোগে এ পর্যন্ত আটজনকে শাস্তি দেওয়া হয়েছে।
গতকাল ইউহানের স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন এই সংক্রমণের কারণ খোঁজার চেষ্টা করছে তারা।
বিভাগটির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, এরই মধ্যে সংক্রমণের বেশ কয়েকটি উৎস, যেমন ইনফ্লুয়েঞ্জা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্ট সংক্রান্ত অন্যান্য রোগের সংশ্লিষ্টতার দাবি নাকচ করেছেন তারা। তবে সেখানে সার্স-এর কথা উল্লেখ করা হয়নি।
এ ছাড়া মানুষ থেকে মানুষে সংক্রমণের কোনো উপসর্গ পাওয়া যায়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। যাই হোক, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শহরের একটি সি-ফুড বা সামুদ্রিক খাবারের বাজারে কাজ করত, যার জেরে ওই এলাকা পরিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, সংক্রমণ সম্পর্কে তারা সচেতন রয়েছে এবং চীনের সরকারের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করা হয়েছে।
সংস্থাটির মুখপাত্র বলেন, ‘ভাইরাল নিউমোনিয়ার হওয়ারই অনেকগুলো সম্ভাব্য উপসর্গ রয়েছে। এই উপসর্গগুলো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের ভাইরাসের তুলনায় এই ভাইরাসেই বেশি দেখা যায়। ডাব্লিউএইচও-এ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য হাতে আসার সাথে সাথে জানানো হবে।’
