আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : জুলাইয়ের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত না নেওয়ার মনোভাবে অনড় থাকলেও ক্রমশ চাপ বাড়ছে আইসিসির উপরে। ক্রিকেটের নিয়ামক সংস্থা আজ (বৃহস্পতিবার) ফের টেলিকনফারেন্সে বোর্ড মিটিং করতে চলেছে। আনুষ্ঠানিকভাবে সেই বৈঠকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০ ওভারের বিশ্বকাপ নিয়ে আলোচনা হওয়ার কথা নয়। বিদায়ী চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের উত্তরসূরি কীভাবে বেছে নেওয়া হবে, সেই মনোনয়ন প্রক্রিয়া নিয়েই বৈঠক।

এতদিন সদস্যরা গোপন ব্যালটে ভোট দিয়ে আইসিসি প্রধান বেছে এসেছেন। এবার করোনাভাইরাস মহামারির জেরে লকডাউন চলছে। কেউ সশরীরে হাজির হয়ে ভোট দিতে পারবেন না। তাহলে কীভাবে গোপনীয়তা রক্ষা করা সম্ভব? সে সবের সন্ধান পেতে এই সভার ডাক।

কিন্তু প্রাক-বৈঠক আলোচনায় অনেক দেশই বলতে শুরু করেছে, আর কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অপেক্ষা করছি? অস্ট্রেলিয়া আয়োজক দেশ। তারা পর্যন্ত বলে দিয়েছে, অক্টোবর-নভেম্বরে তাদের দেশে বিশ্বকাপ করার ভাবনা ‘অবাস্তব’। অস্ট্রেলীয় সরকার এখনও সীমান্ত খোলার কথা জানায়নি। বাকি অনেক দেশে লকডাউন চলছে। বিমান চলাচলে নিষেধাজ্ঞা শিথিল হয়নি। আর কতদিন অপেক্ষা করা হবে?

এর মধ্যেই ক্রীড়াবিশ্বে নতুন করে করোনার স্রোত আছড়ে পড়েছে। নোভাক জোকোভিচের আয়োজিত প্রীতি টেনিস প্রতিযোগিতা এখন হটস্পটে পরিণত। স্বয়ং জোকোভিচ এবং তাঁর স্ত্রী সংক্রমিত। আরও অন্তত ছ’জনের সংক্রমণ ধরা পড়েছে। পাকিস্তান ক্রিকেট দলে ন’দশ জনের করোনা ধরা পড়েছে। তাই নতুন করে প্রশ্ন উঠেছে, এই আতঙ্কের মধ্যে বিশ্বকাপের মতো মহাযজ্ঞ কীভাবে আয়োজন হবে?

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেন পর্যন্ত মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছেন, বিরাট কোহলিদের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট মেলবোর্নে হবে কিনা, তা নিয়ে। মেলবোর্নে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে খবর। বক্সিং ডে টেস্ট সেই ডিসেম্বরের শেষে।

অত দূরের টেস্ট ম্যাচ নিয়েই যদি সংশয় তৈরি হয়, তাহলে অক্টোবরে বিশ্বকাপ হবে কীভাবে?
জানা গেছে, ক্রিকেট অস্ট্রেলিয়াও ধরে রেখেছে বিশ্বকাপ এ বছরে হচ্ছে না। শুধুই আনুষ্ঠানিক ঘোষণা আসার বাকি। সেই আনুষ্ঠানিক ঘোষণা কি বৃহস্পতিবারের আইসিসি বৈঠকেই হয়ে যেতে পারে? নিশ্চিত করে বলা না গেলেও সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশ্বকাপের জন্য ১৬টি দেশের অন্তত ২৫ জন সদস্যকে নিয়ে মোট ৪০০ জনকে একত্রিত করার ঝুঁকি কোনও দেশই এই মুহূর্তে নিতে চাইবে না। বিশেষ করে জোকোভিচের প্রীতি টেনিস আয়োজন করার সিদ্ধান্ত যে রকম বুমেরাং হল, তার পরে আরো উদ্বেগের স্রোত বইছে ক্রীড়াবিশ্বে।