হুমায়ূন রশিদ : আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
১লা নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় বিআইডবিøউটিআই ও জেলা প্রশাসনের অনুমতি নিয়ে টেকনাফ দমদমিয়া পর্যটক জাহাজ ঘাট থেকে ১হাজারের অধিক পর্যটক নিয়ে কেয়ারী ক্রুজ এন্ড ডাইং, আটলান্টিক ক্রুজ এবং ফারহান ক্রুজ জাহাজ সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেন্টমার্টিন পৌঁছলে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আহমদের নেতৃত্বে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নতুন পর্যটন মৌসুমে আগত পর্যটকদের বরণ করে নেন। সন্ধ্যায় জাহাজ ৩টি নিরাপদে পুনরায় দমদমিয়া জাহাজ ঘাটে ফিরে আসে।
এই ব্যাপারে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, প্রতিবছর আমরা পর্যটকদের ফুলের তোড়া দিয়ে বরণ করে থাকি। আমি বিশেষ কাজে কক্সবাজার থাকায় পারলাম না। এই দ্বীপে পর্যটক আগমনের অনুমতি প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যটক জাহাজ চলাচলের ফলে দ্বীপের ব্যবসা-বাণিজ্য চাঙ্গা হয়ে উঠবে বলে আশা রাখছি।
পর্যটক জাহাজ কেয়ারি গ্রুপের টেকনাফ উপজেলা ব্যবস্থাপক মোঃ শাহ আলম সাংবাদিকদের জানান, বিআইডব্লিউটিআই ও জেলা প্রশাসনের অনুমতি নিয়ে শুক্রবার সকাল থেকে সেন্টমার্টিন পর্যটন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। ১মদিন কেয়ারী ক্রুজ এন্ড ডাইন জাহাজটি ২শ ৯৮জন পর্যটক নিয়ে সেন্টমার্টিন গিয়ে সন্ধ্যায় ফিরে আসে। আগামী এক সপ্তাহ পর্যন্ত জাহাজে যথেষ্ট পর্যটক বুকিং রয়েছে বলে জানান তিনি।
এই বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান সংবাদকর্মীদের জানান, সেন্টমার্টিন যাতায়াতে ১ম পর্যায়ে ৩টি জাহাজকে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। তবে কোন জাহাজকে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং অতিরিক্ত যাত্রী বহন না করতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। ###
