হোয়াইক্যং কম্বনিয়া পাড়া অস্ত্রধারী ইয়াবা গডফাদার ও সেবনকারীদের নিরাপদ আস্তানা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাড়া এখন মোস্ট ওয়ানন্টেড অস্ত্রধারী, ইয়াবা কারবারী এবং সেবনকারীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।
এলাকার ভূক্তভোগী ও জনসাধারণ সুত্রে জানা যায়, দিন গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথেই সাতঘরিয়া পাড়া, কাঁচারি পাড়া, মহেশখালীয়া পাড়া, রোজারঘোনা ও মরিচ্যাঘোনার চিহ্নিত ফেরারী মাদক কারবারীরা পশ্চিম কম্বনিয়া পাড়া পাহাড়ে অবস্থান নেয়। সামান্য টাকার বিনিময় এবং অপরাধীদের হামলার ভয়ে স্থানীয় মনসুর আলম, জয়নাল, মুফিজ আলম, জাগির হোছন, সনজিদা বেগম এবং বেলালসহ ১৫/২০জনের একটি আশ্রয়-প্রশ্রয়দানকারী গ্রæপের ছত্র-ছায়ায় এলাকায় অপরাধ কর্মকান্ড চলে আসছে। এই সুবর্ণ সুযোগে চিহ্নিত ইয়াবা কারবারী, সেবনকারী ও অবৈধ অস্ত্রবাজরা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠছে। অবৈধ অস্ত্রধারীদের বেপরোয়া চলাচলের ফলে এলাকার আইন-শৃংখলার চরম অবনতি ঘটছে। এছাড়া সন্ধ্যার পর কোন যানবাহন হর্ণ না বাজিয়ে এলাকায় প্রবেশ করলে চালকদের মারধর ও হামলার শিকার হতে হয়।
এলাকার শান্তিপ্রিয় বাসিন্দারা এসব এলাকায় শান্তি ফিরিয়ে আনতে আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত টহল জোরদারের পাশাপাশি চিহ্নিত মাদক কারবারী ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।