ভুল পুষিয়ে নিতে পথ খুঁজছে জামায়াত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিউজ ডেস্ক: ২০ দলীয় জোটের অভ্যন্তরে শরিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে বিভিন্ন সময়ের সৃষ্ট অন্তর্দ্বন্দ্ব যখন বিএনপির স্বেচ্ছাচারিতার পর্যায়ে পৌঁছায় তখন কিছুটা স্বতন্ত্র বিদ্রোহ প্রকাশ করতে গিয়ে নিজেদের অবস্থান নিয়ে সংকটে পড়েছে জামায়াত। সম্প্রতি নির্বাচনগুলোতে দলটি জনসমর্থন হারিয়ে রাজনীতির মাঠ থেকে যে পিছিয়ে পড়েছে- তা তাদের ভোটব্যাংক দেখেই অনুমান করা যাচ্ছে। জানা গেছে, এমন পরিস্থিতিতে ভুল পুষিয়ে ওঠার রাস্তা খুঁজছে জামায়াত।

সূত্র বলছে, বহুদিন ধরেই বিএনপির স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ডে তিক্ত-বিরক্ত জামায়াতে ইসলামী। বিএনপির তরফ থেকে জামায়াতকে বিভিন্ন সময় নানা সুযোগ সুবিধার স্বপ্ন দেখালেও তা বাস্তবে পরিণত না করে গা-ছাড়া ভাব দেখায় বিএনপি। ফলে জোটে নিজেদের গুরুত্ব বোঝাতে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থা দেখাতে তৎপর হয়ে ওঠে।

এমন প্রেক্ষাপটে সম্প্রতি পাকিস্তান নির্বাচনে সেদেশের ইসলামী দলগুলোর ভরাডুবিতে কিছুটা স্তম্ভিত হয়ে যায় তারা। কেননা, নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে হাফিজ সাঈদের নতুন দল, মওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জোট, জামায়াতে ইসলাম, জমিয়তুল উলেমা পাকিস্তান, মিল্লি আওয়ামী লিগ কেউই নির্বাচনে খুব ভালো ফল করতে পারেনি। নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের সবগুলো ধর্মীয় দলগুলো ১ হাজার ৪০০ জন প্রার্থী দিলেও মাত্র ৩৯ জন জয়ী হয়েছেন। পরিশেষে পাকিস্তানের ইসলামী দলগুলোর জনসমর্থন হ্রাসে জামায়াতের সম্ভাব্য শঙ্কা সত্যি হয়েছে। জামায়াতের ভোট ব্যাংকের হিসাব বলছে- সর্বস্তর থেকেই জনসমর্থন হারিয়েছে দলটি।

এমন বাস্তবতায় নিজেদের ভুল শুধরে নেয়ার চেষ্টা করছে জামায়াত। এর অংশ হিসেবে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চায় জামায়াত। তবে ২০ দলীয় জোটে ঠিক কিভাবে তাদের অবস্থান ফিরিয়ে আনবে তা নিয়ে এখনো ভাবছে জামায়াত। অন্যদিকে বিএনপি জামায়াতের সঙ্গে কোনো ধরণের সম্পর্ক রাখতে নারাজ। বিএনপির এমন শক্ত অবস্থানে তাদের দুশ্চিন্তার মাত্রা আরও কিছুটা বেড়িয়ে দিয়েছে বলেই জানা গেছে।

প্রসঙ্গত, জোটে পুনরায় নিজেদের অবস্থান স্বাভাবিক করতে অচিরেই একটি ঘরোয়া বৈঠকে সম্মিলিত হতে যাচ্ছেন দলের নেতৃস্থানীয়রা।