সড়কে মা-মেয়েসহ ৩ জনের প্রাণ গেল

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুর ও ঘাটাইলে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি এলাকায় তেলবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন। আহত হয় চারজন। আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, বাগবাড়ি এলাকায় তেলবাহী ট্রাক পেছন দিক থেকে ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আজ সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকায় ট্রাক চাপায় বিমানবন্দরে কর্মরত ট্রাফিক হেলপার ছানোয়ার হোসেন নিহত হয়। তার বাড়ি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার জোনাকিপুর গ্রামে।