টেকনাফ টুডে ডেস্ক : উত্তর কোরিয়ার একটি পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র আংশিক ধসে পড়েছে এবং সেটি আর ব্যবহারযোগ্য নয় বলে জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা। পুয়েংগ্রি নামের ওই পরীক্ষা কেন্দ্রটি একটি পাহাড়ের নিচে অবস্থিত।
বিট্রিশ ও ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, ২০০৬ সাল থেকে এই পরীক্ষা কেন্দ্র থেকেই ছয়টি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।
খবরে বলা হয়েছে, চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (ইউএসটিসি) পক্ষ থেকে কয়েক মাস অনুসন্ধানের পর উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র সম্পর্কে এ সিদ্ধান্তে পৌঁছান চীনা বিজ্ঞানীরা।
গত সেপ্টেম্বরে সর্বশেষ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো পর কেন্দ্রটিতে ছয়টি ভূকম্পন হয়। এর ফলে পাহাড়ের অভ্যন্তরের একটি অংশ ধসে পড়েছে বলে ভূমিকম্প বিশেষজ্ঞরা ধারণা করছেন।
গত শনিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা করেন, তার দেশ সব ধরনের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করে দিয়েছে। দক্ষিণ কোরিয়া ও মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের আগে এ অপ্রত্যাশিত ঘোষণা দেন উত্তর কোরীয় নেতা।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ম্যানট্যাপস্যান পাহাড়ের নিচে টানেল খনন করে ওই পরমাণু অস্ত্র পরীক্ষাগার বানানো হয়েছে। পরমাণু অস্ত্র পরীক্ষার জের ধরে ভূমকম্পনের ফলে সেখানে আর নতুন কোনো পরীক্ষা চালানো সম্ভব নয় বলে চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন।
