বিশেষ প্রতিবেদক : টেকনাফের হ্নীলা আলী আকবর পাড়ায় সরকারী রাস্তার জমি স্থানীয় বাসিন্দাদের বসত-ভিটায় ঢুকে পড়লেও ছেড়ে না দেওয়ায় প্রধান সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে। তা নিয়ে এলাকাবাসীর মধ্যে মতবিরোধ সৃষ্টি হওয়ায় যেকোন মুর্হুতে অপ্রীতিকর ঘটনার আশংকা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়,উত্তেজিত জনসাধারণ দলবদ্ধ হয়ে অবস্থানে রয়েছে। তাদের সাথে কথা বলে জানা গেছে,গত ২০২৪ সালে নভেম্বরের দিকে বিশ^ ব্যাংকের সহায়তায় এবং এলজিইডির বাস্তবায়নে টেকনাফের হ্নীলা ইউপির ১নং ওয়ার্ড আলী আকবর পাড়ার প্রধান সড়ক বশির মেম্বারের অফিস হতে নয়া গোদার রাস্তার মাথা পর্যন্ত প্রায় ১কিঃ মিঃ রাস্তার কার্পেটিং দ্বারা উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। এই সড়কের উন্নয়ন কাজ করতে গিয়েই প্রধান সড়কের পাশে গড়ে উঠা বেশ কয়েকটি বসত-বাড়ির ভেতরে সরকারী রাস্তার জমি ঢুকে পড়ে। এই জমি উদ্ধার করতে বর্তমান এবং সাবেক মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণের সমন্বয়ে এই সড়কের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে স্থানীয় বেশ কয়েকজন সার্ভেয়ার এনে পরিমাপ করা হলেও আদৌ এই সমস্যার সমাধান না হওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানের কার্য্যক্রম প্রায় বন্ধ রয়েছে। এতে স্থানীয় জনসাধারণ সংঘবদ্ধ হয়ে যেকোন মূল্যে এই সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়েছে।
সড়ক উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ ফেরদৌস জানান,আমরা দীর্ঘদিনের প্রতাশিত সড়কের উন্নয়নের জন্য একাধিক সার্ভেয়ার এনে পরিমাপ করলেও কিছু মহল ইচ্ছাকৃতভাবে রাস্তার জমি ছেড়ে না দেওয়ায় কাজ বন্ধ রয়েছে। এতে জনসাধারণ ক্ষুদ্ধ হয়ে উঠছে। অভিযুক্তরা জমি ছেড়ে না দিলে যেকোন মুর্হুতে অপ্রীতিকর ঘটনার আশংকা দেখা দিয়েছে। তাই আমরা হ্নীলা ইউনিয়ন ভূমি অফিস,সহকারী কমিশনার (ভূমি) টেকনাফ এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় সাবেক মেম্বার মোঃ ইউনুছ জানান, এই সড়কটি স্কুল,কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যসামগ্রী বোঝাইতে গুরুত্ব অপরিসীম হলেও কিছু মানুষ বসত-বাড়ির জমি দখলে রাখায় যথা নিয়মে রাস্তার উন্নয়ন হচ্ছে না। তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বর্তমান মেম্বার বশির আহমদ বলেন,দীর্ঘদিনের প্রতাশিত সড়কটির কার্পেটিং উন্নয়ন ও ড্রেন নির্মাণ হওয়ায় এলাকাবাসী আনন্দিত। কিছু মানুষের বসত-ভিটায় রাস্তার জমি ঢুকে থাকায় সড়কের উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। আমি সংশ্লিষ্ট মহলের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
বসত-বাড়িতে জমি ঢুকে থাকা পরিবারের সদস্যদের সাথে কথা বললে জানায়,আমরা সকলে প্রত্যাশিত এই রাস্তার জন্য জমি দিতে প্রস্তুত। অনেকে দেওয়াল ভেঙ্গেছি আবার অনেকে ভাঙ্গার পথে কিন্তু বিশেষ মহলের ইন্ধনে জমির পরিমাপে যোগসাজশ রয়েছে বলে আমাদের সন্দেহ। তাই সরকারের উর্ধ্বতন মহলের মাধ্যমে রাস্তার জমি পরিমাপ করার জন্য সকলেই দাবী জানাচ্ছি। ###
