হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৮হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরো একজনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী জানান, ২৩সেপ্টেম্বর সকাল পৌনে ১১টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের খানকার ডেইল এলাকায় মাদক বিরোধী অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে পৌরসভার ৯নং ওয়ার্ড খানকার ডেইলের মোঃ সাদেকুর রহমানের পুত্র আবদুল্লাহ আল মামুন (৩০) এবং মুছা আলমের পুত্র শফিকুল আলম (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হলেও একজন পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে ৮হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মিডিয়া কর্মকর্তা আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
