কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে সাইফুল আসাদ (১৮) নামের এক স্থানীয় পর্যটক নিখোঁজ রয়েছে। রবিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সী গাল পয়েন্টে গোসল করার সময় সে নিখোঁজ হয়। নিখোঁজ সাইফুল আসাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মোহাম্মদ নাসিরের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিউদ্দিন আহমদ সত্যতা নিশ্চিত করে জানান, ‘২০জনের একটি দল রবিবার সকালে চকরিয়া থেকে কক্সবাজার ভ্রমনে আসে। সকাল থেকে পর্যটন ষ্পট হিমছড়ি থেকে শুরু করে নানা দর্শনীয় স্থান ভ্রমনে শেষে দুপুরে ৬জন ‘সী গাল’ সৈকত পয়েন্টে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে পানির স্রোতে সাইফুল ভেসে যায়। এসময় খবর পেয়ে স্থানীয় লাইভগার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু, কোথাও তাকে খোঁজে পাওয়া যায়নি। এব্যাপারে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ ও লাইভগার্ড বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

স্হানীয় সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত জানিয়েছেন দুপুরে সৈকতের সী গাল ও জলতরঙ্গ পয়েন্টের মাঝামাঝি সাগরে তারা গোসল করতে নামে। গোসল করতে গিয়ে সাইফুল সাগরের অনেক দুরে চলে যায়। যে পয়েন্টে গোসল করতে নেমেছিল সেটি সৈকতের বিপজ্জনক পয়েন্ট হিসেবে চিহ্নিত এবং সে পয়েন্টে লাল পতাকা দেয়া আছে। তারপরও বিধিনিষেধ না মেনে পর্যটকেরা গোসল করতে নামে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে। তিনি জানান সাগরে নিখোঁজ সাইফুলকে উদ্ধারে লাইফ গার্ড কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছে।