হুমায়ূন রশিদ : টেকনাফের সাবরাং এলাকায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২লাখ ২০হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।
মুত্র জানায়, ১৮ জুলাই রাত সোয়া ৩টারদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন মিয়ানমার থেকে মাদকের চালান গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়া বিওপি হতে দুইটি চোরাচালান প্রতিরোধী টহলদল সাবরাংয়ের জনৈক গফুরের মাছের প্রজেক্টের আইল এবং বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৫জন ব্যক্তিকে ৪টি কালো পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে সীমান্তের শূন্য লাইন হতে সামনের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর হতে টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা পলিথিনের ব্যাগ ফেলে দিয়ে দ্রুত দৌড়ে নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৪টি পলিথিনের ব্যাগ হতে ২লাখ ২০হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান,চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###
