রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জারার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

কক্সবাজার প্রতিনিধি, ১২ জুলাই।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা গনতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জারা ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু এর নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় নানা কর্মসূচীর সাথে তারা রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে রোহিঙ্গারা জানিয়েছে তারা নিজেদের ভিটেমাটিতে ফিরে যেতে চায়। তবে নাগরিক অধিকার সহ নিরাপত্তা এবং শান্তিপূর্ণ ও মর্যাদার সাথে প্রত্যাবাসনের মতামত ব্যক্ত করেন তারা। রোহিঙ্গারা আরো বলেন, তারা এখন বাংলাদেশের বোঝা হয়ে গেছে। তারা যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরে যেতে চায় এবং মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গনহত্যার বিচার চায়।
এসময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জারা রোহিঙ্গাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে রোহিঙ্গাদের ধৈর্য ধরার অনুরোধ জানান এবং তাদের বলেন আন্তর্জাতিক অপরাধ আদালতে অবশ্যই মিয়ানমার সেনাবাহিনীর বিচার হবে এবং রোহিঙ্গারা যাতে নিজ দেশে সম্মান নিরাপত্তা ও অধিকার নিয়ে ফিরে যেতে পারে সে৷ ব্যপারে যুক্তরাষ্ট্র সব সময় মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে আসছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বের প্রতিনিধি দল আজ বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ১১ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা প্রতিনিধিদলের সাথে এই মতবিনিময় করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা এসময় রোহিঙ্গারা বর্তমানে কি অবস্থায় রয়েছেন তা জানতে চান। এসময় ক্যাম্পে বিদ্যমান সমস্যাগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাশার কথাও তারা শুনেন। মতবিনিময়কালে রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম, তাদের স্বাস্থ্য সুরক্ষা, স্বদেশে প্রত্যাবাসন এবং ক্যাম্পে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি কথা বলেন। মতবিনিময়ে রোহিঙ্গাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ১০ জন নারী উপস্থিত ছিলেন।
এসময় রোহিঙ্গাদের জনগোষ্ঠীর পক্ষ থেকে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান মাস্টার জুবায়ের একটি অনুরোধপত্র দেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জারাকে।
পরে মার্কিন প্রতিনিধি দলটি আন্তর্জাতিক আভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র এবং ইউএনএফপিএ কর্তৃক পরচালিত নারী ও মেয়েদের নিরাপদ কেন্দ্র পরিদর্শন করেন।
এর আগে মার্কিন প্রতিনিধি দল বুধবার সকালে বিমানে কক্সবাজারে এসে পৌঁছান। সকাল পৌনে এগারোটার দিকে প্রতিনিধি দল উখিয়া বালুখালী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে ইউএনএইচসিআর- পরিচালিত রোহিঙ্গাদের রেজিষ্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। পরে সেখানে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত রোহিঙ্গাদের বিভিন্ন খাদ্য পণ্য সরবরাহ প্রতিষ্ঠান ই ভাউচার সেন্টার পরিদর্শন করেন। উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন হাই প্রোফাইলের এই প্রতিনিধি দল রোহিঙ্গা কাম্পে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সরাসরি আলাপচারিতার পাশাপাশি নিউট্রিশন সেন্টার, কালচারাল মেমোরি সেন্টার ঘুরে দেখেন ও কক্সবাজারে কর্মরত প্রায় সব আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

বিকেলে কক্সবাজারে সরকারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে বিকালে ঢাকা ফিরে যাবেন আন্ডার-সেক্রেটারি উজরা জেয়া ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। কক্সবাজার সফরে তাদের সঙ্গে থাকবেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও দক্ষিণ এশিয়ায় শরণার্থী বিষয়ক সমন্বয়কারী ম্যাককেঞ্জি রোয়ে সহ ১০ সদস্যের প্রতিনিধি দল।