শাহপরীরদ্বীপ সংবাদদাতা :
টেকনাফে জেলেদের জালে ধরা পড়া ৩২ কেজি ওজনের সামুদ্রিক পোয়া মাছ টি কক্সবাজারে আড়াই লাখ টাকায় বিক্রি করেছেন মাছটির ক্রেতা লালু। রোববার দুপুরে (০৬ই জানুয়ারী) লালু জানান, কক্সবাজার ফিশারীঘাটের একজন ব্যবসায়ীর সাথে মাছটি সাড়ে ৪লাখ টাকায় বিক্রির কথা হলেও শেষ পযন্ত আড়াই লাখ টাকায় মাছটি বিক্রি করেছেন। এতে তার মাত্র ১৫ হাজার টাকা লাভ হয়েছে। গতকাল শাহপরীরদ্বীপের আব্দু শুক্কুরের কাছ থেকে ৩২ কেজি ওজনের পোয়া মাছটি ২ লাখ ৩৫ হাজার টাকায় কিনেছিলেন বলেও জানান লালু। আশানুরুপ দাম না পাওয়ায় তিনি বেশ হতাশ হয়েছেন। তিনি অভিযোগ করেন কক্সবাজারের পোয়া মাছ ব্যবসায়ীরা সিন্ডিকেট হয়ে যাওয়ায় মাছটির যথাযথ দাম পাননি। এমনকি সাড়ে ৪লাখ টাকায় দরদাম হলেও তাকে দু লাখ টাকা গছাতে চেয়েছেন পরে আড়াই লাখ টাকা মূল্য দিয়েছেন।
শনিবার সকালে টেকনাফ শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার আব্দু শুক্কুরের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে যায়। এ সময় তার জালে বড় পোয়া মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলেদের কাছে এটি কালো পোয়া হিসাবে পরিচিত।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, পোয়া মাছের ইয়ার ব্লাডার নামক অংশটি সবচেয়ে মূল্যবান। এটি ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
প্রসঙ্গত গত নভেম্বর মাসে সেন্টমার্টিনের জেলে আব্দুল গণির জালে ধরা পড়েছিল এরকম ৩৫ কেজি ওজনের একটি পোয়া মাছ। তবে সেই মাছটি বিক্রি হয়েছিল ৮লাখ টাকায়।
