নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদরের পৌরসভা হলিডে মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার ৬শ ৫০ পিস ইয়াবা সহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
১১ আগস্ট রাত সোয়া ১২টার দিকে কক্সবাজার পৌরসভার হলিডে মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় একটি ইয়ামাহা পেজার মোটর সাইকেল জব্দ করা হয়।
অভিযানে ধৃতরা হচ্ছে কক্সবাজার পৌরসভার বাহারছড়া এলাকার আবু তাহেরের ছেলে আবু হাসনাত তাহামবীর (২১) ও একই এলাকার জাফর আলমের ছেলে নাইমুল হক জিহাদ (২১)।
র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালেম চৌধুরী জানান, হলিডে মোড়ের পাশে এস এ পরিবহন এর অফিসের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট দুইজন মাদক কারবারী ধৃত হয়। ধৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মোটর সাইকেলের চাকার ভিতর বিশেষ কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে নেত্রকোনা পাঠানোর উদ্দেশ্যে একটি ১৫০ সিসি FAZER মোটর সাইকেল (রেজি নং-কক্সবাজার-এ-১৭-৪৪৪৪) এস এ পরিবহনে জমা করে। পরবর্তীতে বর্ণিত মোটর সাইকেলটি জব্দ করতঃ উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ এবং মোটর সাইকেল তল্লাশী করে সর্বমোট ৭,৬৫০ (সাত হাজার ছয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ৪টি সীম কার্ড উদ্ধার করা হয়।
আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই একজন মাদক কারবারী দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তিদ্বয়ের নিকট থেকে জানা যায়। ধৃত ব্যক্তিদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে। ধৃত ও পলাতক মাদক কারবারীরা প্রায়ঃশই কৌশলী প্রন্থা অবলম্বন করে এস এ পরিবহণ এর মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ইয়াবার চালান প্রেরণ করে আসছিল বলে জানায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।