ঈদের ২য়দিন সন্ধ্যায় নেপথ্যের গল্প শোনাবেন মৌ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সাদিয়া ইসলাম মৌ ১৯৮৯ সালে মডেলিংয়ে পা রাখেন। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য সে সময় তার সঙ্গে রেকর্ড ১ লাখ টাকা পারিশ্রমিকের চুক্তি করা হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। ৩৪ বছর ধরে শীর্ষ মডেল হিসেবে রাজত্ব করতে পারা একটি বিশ^রেকর্ডই বটে। কীভাবে এতগুলো বছর এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব হলো, সেই নেপথ্যের গল্পগুলোই শোনাবেন সুপার মডেল মৌ। মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন ‘রাঙা সকাল’-এ দেখা যাবে তাকে। পর্বটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ৭টায়। মডেল পরিচয়ের পাশাপাশি মৌ একজন গুণী নৃত্যশিল্পী। ছোটবেলায় বাবার সঙ্গে গানের অনুশীলনও করতেন তিনি। গানের চর্চা চালিয়ে গেলে হয়তো আজ সংগীতশিল্পী পরিচয়েও তাকে পাওয়া যেত। কারণ তার বাবা প্রয়াত সাইফুল ইসলাম ছিলেন জনপ্রিয় একজন সংগীতশিল্পী; ষাটের দশকে যাকে বলা হতো পূর্ব বাংলার ‘হেমন্ত’। ১৯৯৫ সালের ৩ জুলাই প্রচারিত হয়েছিল মৌয়ের প্রথম নাটক ‘অভিমানে অনুভবে’। যদিও অনেকটা জোর করেই তাকে অভিনয়ে রাজি করানো হয়েছিল। এমনকি শ্যুটিং শুরু হওয়ার দিন সকাল বেলাতেও পরিচালক-নাট্যকার ফারিয়া হোসেনকে মৌ অনুরোধ করেছিলেন, তাকে বাদ দিয়ে অন্য কাউকে নেওয়ার জন্য। ঢাকাই সিনেমাতেও তারকা-নির্মাতাদের প্রায় সবাই মৌকে চেয়েছিলেন সিনেমার জন্য। বলিউডের ‘সাজান’ সিনেমার রিমেক ‘স্বজন’ সিনেমাতেও তিনি প্রস্তাব পেয়েছিলেন। এমন অনেক অজানা গল্প জানা যাবে ‘রাঙা সকাল’-এ অনুষ্ঠানে। বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবণ্য।