হ্নীলা জাদিমোরার দুই যুবক হেঁটে ইয়াবা পাচার করতে গিয়েই আনোয়ারা থানায় আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হ্নীলা জাদিমোরা হতে পায়ে হেঁটে শরীরের ভেতরে নিয়ে অভিনব কায়দায় মইজ্জার টেকে পৌঁছে দিতে গিয়েই আনোয়ারা থানা পুলিশের হাতে দুই যুবক আটক হয়েছে।

গত ১৬ এপ্রিল দিবাগত রাতে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) আবুল ফারেজ জুয়েলের নেতৃত্বে একদল পুলিশ আনোয়ারা থানার বারখাইন সরকারহাট বাজার হতে সন্দেহভাজন টেকনাফের হ্নীলা জাদিমোরার হেলাল উদ্দিনের পুত্র মোঃ আনোয়ার শাকের (১৫) ও মোঃ ইলিয়াছের পুত্র মোহাম্মদ ইউনুছ (১৬) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ২হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় তারা ১০হাজার টাকার বিনিময়ে যানবাহন না থাকায় পায়ে হেটে এই ইয়াবার চালান মইজ্জারটেকে জনৈক ব্যক্তির নিকট নিয়ে যাচ্ছিল। তারা কৌশলে বিভিন্ন পথ অতিক্রম করে বাঁশখালী হয়ে আনোয়ারা দিয়ে কর্ণফুলী মইজ্জারটেক আসার পথেই পুলিশের হাতে আটক হয়। তবে কারা টাকার বিনিময়ে এই চালান পাঠিয়েছিল সেই বিণয়ে পুলিশ কোনি ধরনের মন্তব্য করেনি।

আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল ফারেজ জুয়েল বলেন, বারখাইন সরকারহাট বাজার থেকে ২ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার শাকের ও ইউনুছ নামে দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তারা টেকনাফ থেকে ইয়াবা নিয়ে কর্ণফুলী মইজ্জারটেক এলাকায় যাচ্ছিল।

আনোয়ারা থানার এসআই আবুল ফারেজ জুয়েল এই ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় সংবাদ কর্মীদের বলেন, ধৃত আনোয়ার শাকের ও ইউনুছের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে হাজির করা হবে।

এদিকে টেকনাফের জাদিমোরা ও মোচনী সীমান্ত রোহিঙ্গা অধ্যূষিত হওয়ায় সীমান্তে নানা ধরনের অপতৎপরতা সহজে দমন করা যাচ্ছেনা।