হ্নীলা সিএনজি পরিবহন বহুমুখী সমবায় সমিতির শ্রমিকদের মানবেতর দিনযাপন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সাদ্দাম হোসাইন : করোনাভাইরাস মহামারীর কারণে সরকারী নির্দেশনায় বেকার হয়ে পড়া হ্নীলা সিএনজি পরিবহন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বেশীর ভাগ শ্রমিক বেকার হয়ে পড়ায় মানবিক সহায়তার আহবান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

তথ্যানুসন্ধানে জানা যায়, হ্নীলা সিএনজি পরিবহন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজি নং-১৪৯২-১১-০৫-২০১০ইং) এর ৫শ ৪৪জন চালক ও শ্রমিকদের বেশীর ভাগই দিন-মজুর হিসেবে জীবিকা নির্বাহ করে আসত। বাংলাদেশ সরকারের নির্দেশনামতে অত্র সমিতির চালক ও শ্রমিকেরা সিএনজি চালানো ফেলে দিয়ে লকডাউনে চলে যায়। বিগত সপ্তাহ খানেক কোন ধরনের কাজ না থাকায় দিন-মজুর এসব শ্রমিকদের পরিবারে অভাব-যন্ত্রণা শুরু হয়। এখন এসব শ্রমিক না পারছে অভাব যন্ত্রণা সইতে আবার না পারছে কারো নিকট হাত পেতে ভিক্ষা করতে। এমতাবস্থায় সরকারী ত্রাণ সহায়তা জরুরী বলে মনে করেন।

এই বিষয়ে হ্নীলা সিএনজি সমিতির সভাপতি দিল মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক নুর হোছাইন জানান, এই সংগঠনের বেশীর ভাগ চালক ও শ্রমিক দৈনিক গাড়ি ভাড়া এবং শ্রমিক হিসেবে কাজ করে। এখন যান চলাচল বন্ধ থাকায় এদের বেশীর ভাগই বেকার হয়ে চরম অভাবের মধ্যে পড়েছে। তাই মানবিক কারণে সরকারী সহায়তা একান্ত প্রয়োজন।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, প্রথম দফায় এলাকার অসহায়-গরীব, রিক্সা ও টমটম চালকদের মধ্যে ত্রাণ বরাদ্দ করা হয়েছে। পর্যায়ক্রমে সিএনজি শ্রমিকদের ব্যাপারে মাথায় রেখে বরাদ্দ চাওয়া হবে। পর্যাপ্ত বরাদ্দ এলেই তাদের মধ্যে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সিএনজি চালক ও শ্রমিকদের বিষয়টি আমি অবগত হয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাদের মধ্যে দরিদ্র-অসহায়দের সহায়তার নির্দেশনা প্রদান করা হবে।

এই সংগঠনের নেতৃবৃন্দ এই মানবিক ব্যাপারে সরকারের উর্ধ্বতন মহল, রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেছেন। ##