‘হৃদয়ে কোলাহল’নাটকের মাধ্যমে ফিরছেন সারিকা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ‘হৃদয়ে কোলাহল’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে মিডিয়ায় ফিরছেন সারিকা। সম্প্রতি এই নাটকের শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি। এসকে শুভ এবং শফিকুল ইসলাম নাট্যর যৌথ পরিচালনায় নাটকটি লিখেছেন অয়ন চোধুরী। নির্মাতা সুত্রে জানা গেছে, খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে অবমুক্ত করা হবে নাটকটি।

‘হৃদয়ে কোলাহল’ নাটকের গল্পে দেখা যাবে, অলিকের চাকরি পরিবর্তন করা নেশার মত হয়ে গিয়েছে। এর কারণ মানিয়ে নিতে না পারা। অফিসে কোনো দুর্নীতি বা অসঙ্গতি অলিকের পছন্দ নয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রিনি, অলিকের এমন হুটহাট ডিসিশান মেনে নিতে পারে না। এ নিয়ে রিনি ও অলিকের মধ্যে ঝগড়া লেগেই থাকে।
বিজ্ঞাপন

রিনি বিশ্বাস করে ইমোশন ট্রান্সফরমেশনের সবচেয়ে ভাইটাল ক্রিয়েশন হচ্ছে ঝগড়া। তবে এর মধ্যে একটা কিন্তু আছে। এই ট্রান্সফরমেশনকে বেশি সময় ধরে রাখা যাবে না। এই বিশ্বাস থেকেই তাদের সম্পর্কটার একটা গভীরতা রয়েছে। প্রেম, ভালবাসা নিয়ে কবি সাহিত্যিকেরা বিস্তর গবেষণা করে লিখে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছেন এর ব্যাখ্যা বিশ্লেষণে। রিনির এটাই বিশ্বাস। তবে অলিক বিশ্বাস করে একটি গোলাপ প্রেমের অনেক সমস্যাই সমাধান করে দিতে পারে। এমনই ভালবাসা আর ফিলিংসের গল্প নিয়ে ‘হৃদয়ে কোলাহল’ এগিয়ে যেতে থাকে।

‘হৃদয়ে কোলাহল’ নাটকটিতে সারিকার সঙ্গে আরও অভিনয় করেছেন সায়েদ জামান শাওন, শিশির, বৃষ্টি রহমান-সহ অনেকেই।