বিশেষ প্রতিবেদক : টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াঁদ্বীপে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে মৎস্য শিকারের আড়ালে সক্রিয় থাকা ৫জন মাদক পাচারকারীকে কাঠের নৌকা ও ইয়াবার চালানসহ আটক করেছে।
সুত্র জানায়,১৬মার্চ রাতের প্রথম প্রহরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের ষ্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে কোস্টগার্ড জওয়ানেরা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ হতে ৫ নটিক্যাল মাইল দক্ষিণে দূরে সাগরে অভিযানে যায়। এসময় সন্দেহভাজন একটি কাঠের নৌকাকে দাড়ানোর জন্য সংকেত দিলে না থামিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে কাঠের নৌকাটি আয়ত্বে নিয়ে তল্লাশী চালিয়ে ড্রামের ভেতরে অভিনব কায়দায় লুকানো ১লাখ ২৬হাজার ইয়াবাসহ নৌকায় থাকায় চট্টগ্রাম আনোয়ারা উপজেলার আব্দুল মোতালেবের পুত্র মহিদুল ইসলাম, সালেহ আহমদের পুত্র আবুল হোছন, নুর মোহাম্মদের পুত্র আবুল কাশেম, আবু তাহেরের পুত্র মোঃ ফজলে করিম এবং ইয়াকুব আলীর পুত্র মনুর আলীকে গ্রেফতার করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও কাঠের নৌকাসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
