টেকনাফ টুডে ডেস্ক : চলমান এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। এবার দুদল প্রতিদ্বন্দ্বিতা করবে সুপার ফোরের ম্যাচে। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। তবে এবার জয় পেতে মুখিয়ে রয়েছে পাকিস্তান। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের এক চুলও ছাড় দিতে নারাজ ভারত।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে গড়াবে ম্যাচটি। এ ম্যাচ যারা জিতবে, তারাই ফাইনালের পথে এক পা দিয়ে রাখবে।
এ ম্যাচের আগে পরিসংখ্যানে দুদলের লড়াইয়ে ১০ টি-টোয়েন্টির সাতটিই রোহিত শর্মার ভারত জিতেছে। অবশ্য খেলা যখন দুবাইয়ে, পাকিস্তানকেও খুব বেশি পিছিয়ে রাখার সুযোগ নেই। যেখানেই খেলা হোক, যে সিরিজ-টুর্নামেন্টই হোক, ভারত-পাকিস্তান মানেই অন্য এক যুদ্ধ।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের ইতিহাস অনেক বিশাল। যদিও বড় টুর্নামেন্ট ছাড়া আমাদের খেলার সুযোগ হয় না। বিশ্বকাপে ওদের কাছে হেরে যাওয়া কিছুটা তো কষ্ট দিয়েছেই। এরপর আমরা আবার শূন্য থেকে শুরুর সুযোগ পেয়েছি।’
পাকিস্তানের হয়ে পেসার হারিস রউফ বলেছেন, ‘মনে হয় না ভারতীয় দলে বড় পরিবর্তন এসেছে। (আগের দেখায়) আমরা কম রান করেও ওদের প্রায় আটকে ফেলেছিলাম। আমরা সেরা অবস্থানেই আছি।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল ভারত। তবে এবারএশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রতিশোধ নেয় দলটি। আজ কি ঘুরে দাঁড়াতে পারবে পাকিস্তান?
