শত মিলিয়ন পাউন্ডের এফ-৩৫ সাগরে নিমজ্জিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ১০০ মিলিয়ন পাউন্ড মূল্যের ব্রিটেনের একটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্প্রতি ভূমধ্যসাগরে নিমজ্জিত হয়েছে।

সোমবার ফাঁস হওয়া একটি ভিডিও ফুটেজ থেকে এ তথ্য জানা গেছে। ওই বিমানটি উড্ডয়নের চেষ্টা করে ব্যর্থ হয়ে সাগরে নিমজ্জিত হয়। খবর আনাদোলুর।

স্থানীয় গণমাধ্যম গত ১৭ নভেম্বর এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিওসহ বিমান বিধ্বস্তের এ বিষয়টি ফাঁস করে।

ভিডিওতে দেখা গেছে, ১০ কোটি পাউন্ড মূল্যের ফাইটার জেটটি ব্রিটেনের বিমানবাহী জাহাজ এইচএমএস কুইন এলিজাবেথের ফ্লাইট ডেকের র‌্যাম্প থেকে সরাসরি সমুদ্রে নিমজ্জিত হয়।

তবে পাইলট জরুরি নির্গমন পথ দিয়ে পাইলট বেরিয়ে আসতে সমর্থ হন। কর্তৃপক্ষ এখনও সাগরে নিমজ্জিত বিমানটিকে শনাক্ত করতে পারেনি।

দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। সিনিয়র টোরি এমপিরা সামরিক বাহিনীকে বিমানটির দ্রুত পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন।

তদন্তকারীরা মনে করছেন, জেটের ইঞ্জিনে বৃষ্টির পানি ঢুকে বিকল বিমানটি সমুদ্রে নিমজ্জিত হয়েছিল।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বিধ্বস্তের ফুটেজ নিয়ে তারা শিগগিরই আনুষ্ঠানিক বক্তব্য দেবেন এবং পানিতে নিমজ্জিত এয়ারক্রাফটটি তারা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

মার্কিন লকহিড কোম্পানির তৈরি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানগুলো ব্রিটেনের সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল যুদ্ধবিমান। এই মডেলের প্রতিটি বিমানের বাজারমূল্য প্রায় ১০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বা ১১৫ মিলিয়ন মার্কিন ডলার।

অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন এসব বিমান স্টিল প্রযুক্তিতে তৈরি এবং রাডার ফাঁকি দিতে সক্ষম।