শক্তি পরীক্ষা করতে গিয়ে ড্র করেছে চেলসি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : শেষ ষোলো আগে নিশ্চিত হওয়ায় সাইড বেঞ্চের শক্তি পরীক্ষা করতে গিয়ে ড্র করেছে চেলসি। নিয়মিত একাদশের অনেককে ছাড়া খেলতে নেমে ক্রাসনোদার বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-১ ব্যবধানে শেষ করেছে তারা।

রেমি কাবেলার গোলে পিছিয়ে পড়ার পর স্বাগতিকদের সমতায় ফেরান জর্জিনিয়ো। প্রথম পর্বে রাশিয়ান দলটির মাঠে ৪-০ গোলে জিতেছিল চেলসি।

এদিন ১০টি পরিবর্তন আনেন চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

ঘরের মাঠে শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও চেলসির আক্রমণে তেমন ধার ছিল না। উল্টো ২৪তম মিনিটে গোল খেয়ে বসে তারা।

ডি-বক্সে সতীর্থের পাসে ডান পায়ের শটে ক্রাসনোদারকে এগিয়ে নেন ফরাসি মিডফিল্ডার কাবেলা।

চার মিনিট পরই অবশ্য স্পট কিকে দলকে সমতায় ফেরান জর্জিনিয়ো। প্রতিপক্ষের ডি-বক্সে ট্যামি আব্রাহাম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করতে থাকে চেলসি। শেষ দিকে টিমো ভেরনার, অলিভিয়ে জিরুদ বদলি নেমেও ব্যবধান গড়ে দিতে পারেননি।

একই সময়ে হওয়া গ্রুপের অন্য ম্যাচে ফরাসি দল রেনকে ৩-১ গোলে হারায় স্প্যানিশ ক্লাব সেভিয়া।

প্রথম ও শেষ রাউন্ডে ড্রয়ের মাঝে টানা চার ম্যাচে জেতা চেলসি গ্রুপ পর্ব শেষ করল ১৪ পয়েন্ট নিয়ে। চার জয় ও এক ড্রয়ে সেভিয়ার পয়েন্ট ১৩। ক্রাসনোদারের ৫ ও রেনের ১ পয়েন্ট।