এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো.আমজাদ (১০) এক স্কুলশিক্ষার্থী মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি ব্রীজের নিচে এ ঘটনা ঘটে। শিক্ষার্থী আমজাদ কাকারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকার মো.রফিকের ছেলে ও স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরত।
কাকারা ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের মেম্বার বাদশা মিয়া বলেন, সকালে আমজাদ তার ৬-৭ জন বন্ধু নিয়ে মাতামুহুরীর নদীর মাঝের ফাঁড়ি ব্রীজের নিচে গোসল করতে নামে। এক পর্যায়ে আমজাদ সবার অজান্তে পানির নীচে তলিয়ে যায়।
ওইসময় অন্য বন্ধুরা তাকে দেখতে না পেয়ে স্থানীয় লোকজনসহ খোঁজাখুজি শুরু করে। এরপর তল্লাসি চালিয়ে নিখোঁজের প্রায় দুইঘন্টা তল্লাসি নদীর নীচের অংশের এলাকা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান বলেন, মাতামুহুরীর নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্র মো.আমজাদ মারা যায়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আমজাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
