বাহারছড়ায় বসতভিটার মাটিতে “বনির খাল”র পানি চলাচল বন্ধ : এলাকাবাসীর দুর্ভোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার জাহাজপুরাতে এক ব্যক্তির বসতভিটার মাটি পড়ে বনির খালের পানি চলাচল বন্ধ হয়ে এলাকাবাসীর দুভোগের সৃষ্টি হয়েছে। এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্থানে অভিযোগ দেওয়ার পরও কোন সুরাহা হচ্ছে না।

সরেজমিন বাহারছড়ার ভূমি অফিসের পূর্ব পাশে “বনিরখাল” নামক স্থানে গিয়ে দেখা যায় পাহাড়ী ঢলের কারণে মৌলভী ইদ্রিস ও এনামুল হকের বসতভিটার মাটি প্রায় সময় ভেঙ্গে যায়। এতে খালের পানি চলাচল বন্ধ হয়ে যায়।

এনামুল হক সরকারী খালের উপর তার বসতভিটার মাটি গুলো নিজ দায়িত্বে সরিয়ে নিলেও মৌলভী ইদ্রিস তার বসত ভিটার মাটি গুলো সরকারী খালের উপর থেকে না সরানো কারণে সম্পুর্ণ পাহাড়ী ঢলের পানি এনামুল হকের বসতভিটাতে ধাক্কা দেয়। যার কারণে প্রতিনিয়ত ভাঙ্গনের মুখে পড়েছে এনামুল হকের বসতভিটা সহ আরো স্থানীয় কয়েকজন ব্যক্তির বসতভিটা। যা মৌলভী ইদ্রিস কতৃক একটি সম্পুর্ণ বেআইনি কাজ বলে স্থানীয়রা মনে করেন।

এদিকে মৌলভী ইদ্রিসের সরকারী খাল দখলের বিষয়টি স্থানীয়রা বাহারছড়ার ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন ও জাহাজপুরার ইউপি সদস্য মোঃ কাসেমকে অভিহিত করলে তারা দুই জনই ঘটনাস্থলে গিয়ে মৌলভী ইদ্রিসকে বার বার বলার সত্তেও তিনি সরকারী খালের উপর থেকে মাঠি গুলো না সরিয়ে দখল করে রেখেছেন। যা এই বর্ষাতে প্রতিনিয়ত কষ্টের মুখে পড়েছেন স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি।

আর মৌলভী ইদ্রিসের খাল দখলের ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ কাসেম জানান সরকারী খালের উপর এনামুল হক ও মৌলভী ইদ্রিসের বসতভিটার মাঠি পড়েছিল। প্রথমে এনামুল হককে খালের উপর থেকে মাঠি সরাতে বললে তিনি পানি চলাচলের জন্য মাঠি সরিয়ে ফেলেন। কিন্তু মৌলভী ইদ্রিস এখনো পর্যন্ত খালের উপর থেকে কোনো ধরণের মাঠি সরাইনি।

অন্যদিকে এ ব্যাপারে বাহারছড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আবদুল জাব্বার বলেন উক্ত খালের খোঁজ খবর নিয়ে সরকারী খালের উপর থেকে মাঠি অপসারণ করে পানি চলাচলের ব্যবস্থা করা হবে।