হুমায়ূন রশিদ : টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে জলদস্যুদের কবল থেকে দেশীয় ৭জন জেলেকে উদ্ধার করেছে। সাগরে দস্যু কর্মকান্ডে জড়িত ৫জন রোহিঙ্গা জলদস্যুকে অস্ত্র ও ইঞ্জিন নৌকাসহ আটক করা হয়েছে।
সুত্র জানায়, ১২ অক্টোবর (সোমবার) ভোররাত ৩টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া পয়েন্ট হতে ১২নটিক্যাল মাইল দূরে সমুদ্রে অভিযান চালিয়ে জলদস্যুদের হাতে জিম্মি অবস্থায় নোয়াখালী পাড়ার ৭জন জেলেকে উদ্ধার করে। এসময় তাদের ইঞ্জিন নৌকা তল্লাশী করে ২টি দেশীয় একনলা বন্দুক, ৮রাউন্ড কার্তুজ, ১০টি বিভিন্ন ধরনের বার্মিজ ধারালো অস্ত্র ও ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। এসময় নৌকায় থাকা মিয়ানমারের আকিয়াব জেলার আড়িপাড়া গ্রামের মোঃ বাক গুল্লা (২২), মোঃ শুকুর (২০), রবি আলম (২২), নুরুল আমিন (৩০) এবং শফি আলম (২০) কে আটক করে। এরা সকলেই মায়ানমারের আকিয়াব জেলার আড়িপাড়া অঞ্চলের বাসিন্দা।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর পরবর্তী কার্য্যক্রমের জন্য উদ্ধারকৃত জেলে ও নৌকা, জব্দকৃত অস্ত্র, বুলেট এবং ইঞ্জিন নৌকাসহ আটক রোহিঙ্গা জলদস্যুদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক নিশ্চিত করেন। ###
