টেকনাফ টুডে ডেস্ক : আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তবে প্রাথমিকের বিষয়ে আরও দুই সপ্তাহ পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান। এর আগে বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন তিনি।
জানা গেছে, গতকাল বুধবার রাতে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল বৈঠকে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। দুই ডোজ টিকা নেওয়া থাকলে সশরীরে করা যাবে ক্লাস। তবে ১২ বছরের কম বয়সীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহীদুল্লা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর ফলে এক মাসেরও বেশি সময় পর শনাক্তের হার ১২ শতাংশের নিচে নামায় পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত এলো।
এর আগে ওমিক্রনের প্রভাবে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২২ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গত ১৩ ফেব্রুয়ারি চলমান ছুটি আরেক দফা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
