টেকনাফ টুডে ডেস্ক : মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেয়েছেন মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টার। মাত্র তিন দিন আগেই তাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির একটি সামরিক আদালত। তিনি মিয়ানমারের গণমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমারে কাজ করতেন। গণমাধ্যমটির মালিক বলেন, মিয়ানমার থেকে বের হওয়ার জন্য ফেনস্টার যুদ্ধ চালিয়ে গেছেন। এ খবর দিয়েছে বিবিসি।
ফেনস্টারের মুক্তির খবর নিশ্চিত করে মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাওমিন তুন জানান, ফেনস্টার যে কোনো সময় মিয়ানমার ছাড়তে পারবেন। এর আগে গত মে মাসে ফ্রন্টিয়ারের ব্যবস্থাপনা সম্পাদক ফেনস্টারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। গত ফেব্রুয়ারি মাসে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।
এরপর থেকে কয়েক ডজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয় দেশটিতে। তাদের মধ্যে একজন ফেনস্টার। তার বিরুদ্ধে অভিবাসন আইন ভঙ্গ ও সরকারবিরোধী উস্কানির অভিযোগ আনে সেনাবাহিনী। গত সপ্তাহে তার বিরুদ্ধে নতুন করে সন্ত্রাসবাদসহ আরো দুটি নতুন মামলা দায়ের করা হয়। তাকে দেয়া হয় ১১ বছরের কারাদণ্ড।
তবে এর মাত্র ৩ দিনের মাথায়ই মুক্তি পেলেন তিনি। ঠিক কোন উপায়ে তাকে মুক্তি দেয়া হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত বিল রিচার্ডসন এখন মিয়ানমারে রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনিই মিয়ানমার সরকারের সঙ্গে ফেনস্টারের মুক্তির বিষয়ে দর কষাকষি করেছেন।
