টেকনাফে শিল্প মেলায় মাদকসেবীদের দৌরাত্ম, ভ্রাম্যমান আদালতে ৩ জনের অর্থদন্ড

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিনিধি :
টেকনাফে শিল্প মেলায় মাদকসেবীদের উৎপাত লেগে রয়েছে। টেকনাফ বাস টার্মিনাল এলাকায় গত ৫ এপ্রিল হতে চলমান এ মেলায় প্রতি রাতেই কোন না কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে সন্ধার পর থেকে মাদকসেবীরা মারপিট, ইভটিজিং সহ নানা ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

রবিবার ১লা বৈশাখের রাতে মেলায় আগত নারীদের ইভটিজিংয়ের দায়ে পুলিশ ৩ যুবককে আটক করেন। পরে সোমবার দুপুরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকতা মো. রবিউল হাসানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা নিবাহী অফিসারের কার্যালয় সূত্রে সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত যুবকরা হচ্ছে, পৌরসভার কায়ুকখালী পাড়ার আরমান, হারুন ও শাহ আলী।

প্রসঙ্গত কক্সবাজার সাংবাদিক সংসদের আয়োজনে গত ৫ এপ্রিল বস্ত্র, হস্ত, কুটির শিল্প মেলার উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।

মেলায় সার্কাসসহ শিশুতোষ নানা খেলনা ও বিনোদন মুলক আয়োজনের পাশাপাশি হরেক রকম পন্য-খাবারের স্টল বসানো হয়েছে।

টেকনাফ পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. আলম বাহাদুর মাস ব্যাপী চলমান মেলার পরিচালনা কমিটির চেয়ারম্যান, সাহেদ আলী সাহেদ সচিব ও নাছির উদ্দিন প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধার পর হতে এক শ্রেনীর যুবক মদ-গাঁজা, ইয়াবা সেবন করে মেলায় অযথা ঘুরাফেরা, ইভটিজিং ও মারপিটের ঘটনা ঘটাচ্ছে। এমনকি মেলায় দায়িত্বরত পুলিশ-আনচার সদস্যদেরকে তারা তোয়াক্কা করছেন না।

কয়েকদিন আগেও গোদারবিল ও নাইট্যংপাড়া এলাকার দুই গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছিল বলে জানান তারা। এসময় গভীর রাতে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে মেলায় ভীড় জমান।