টেকনাফে বেপরোয়া টমটম চালকেরা দেখার কেউ নেই ; ধাক্কায় মাদ্রাসায় পড়ুয়া সাংবাদিক পুত্র আহত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফ পৌর এলাকায় অদক্ষ চালক ও বেপরোয়া টমটমের উৎপাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মাদ্রাসায় পড়ুয়া সাংবাদিক পুত্র বাড়ি ফেরার পথে টমটমের ধাক্কায় হাঁড় ভেঙ্গে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

জানা যায়, ২২ এপ্রিল দুপুর সোয়া ১২টারদিকে টেকনাফ টুডের সম্পাদক ও প্রকাশ নুরুল করিম রাসেলের কনিষ্ঠ সন্তান গোদারবিল আনাস বিন মালেক (র:) নুরানী মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্র আহসান করিম (৮) মাদ্রাসা থেকে ফেরার পথে পূর্ব গোদারবিলের খুইল্যা মিয়ার পুত্র আব্দুল মালেক (৩৬)এর যাত্রীবাহী বেপরোয়া টমটম ধাক্কা দিয়ে সে ঘটনাস্থলে পড়ে চিৎকার করতে থাকে। উপস্থিত লোকজন ধাওয়া করে চালককে আটক করলে অপর টমটম চালকেরা সংঘবদ্ধ হয়ে উপস্থিত লোকজনকে হামলা করতে আসে। এরপর পরিবারের লোকজন খবর পেয়ে আহত সাংবাদিক নুরুল করিম রাসেল পুত্রকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে এক্স-রে করার পর আহসান করিমের হাঁড় ভেঙ্গে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

উল্লেখ্য,টেকনাফ পৌর এলাকায় টমটম চালকদের নিয়ন্ত্রণে ভাল উদ্যোগ না থাকায় আনাড়ি, অদক্ষ ও রোহিঙ্গা নাগরিকেরা নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালাচ্ছে। আর মনগড়াভাবে ভাড়া আদায় করার কারণে বিভিন্ন তর্ক-বিতর্ক ও কথা কাটাকাটি লেগেই রয়েছে। এসব কারণে দেশের বিভিন্ন স্থান হতে আগত ভ্রমণ পিপাসুরা টেকনাফ পৌর এলাকা সম্পর্কে বিরূপ মন্তব্য করছে।

সাংবাদিক নুরুল করিম রাসেল জানান,টেকনাফ পৌর এলাকায় টমটমের উৎপাত দীর্ঘদিনের। অদক্ষ, বেপরোয়া ও রোহিঙ্গা চালকদের কারণে যেন আর কারো জীবনে পঙ্গুত্ব নেমে না আসে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি।

সচেতন মহলের ধারণা, টেকনাফ পৌর কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে অদক্ষ, রোহিঙ্গা ও বেপরোয়া টমটমের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন। ###