ইউরোতে পর্তুগালের বিদায় আর কোপায় ব্রাজিলের ড্র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : শিরোপা ধরে রাখার অভিযানে থেমে গেল পর্তুগালের যাত্রা। আক্রমণে আধিপত্য করেও কাঙ্ক্ষিত জালের দেখা পেল না তারা। তোরগান আজারের অসাধারণ গোলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে পা রাখল বেলজিয়াম।

সেভিয়ার লা কার্তুহায় রোববার রাতে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জিতেছে বেলজিয়াম। খেলার ধারার বিপরীতে বিরতির খানিক আগে দূরপাল্লার শটে গোলটি করেন তোরগান।

প্রায় ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে মোট ২৩টি শট নেয় পর্তুগাল, যার চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে, বেলজিয়ামের ছয় শটের একটিই ছিল লক্ষ্যে এবং তাতেই শেষ আটের টিকেট নিশ্চিত করে তারা।

ছোট্ট ভুলেই বাজতে পারে বিদায় ঘণ্টা, প্রতিপক্ষও শক্ত-ম্যাচের শুরু থেকে তাই দুই শিবিরেই ছিল বাড়তি সতর্কতা। তাতে ফুটবলে ছিল না গতি। প্রথমার্ধে বল দখলে সমতা থাকলেও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল পর্তুগাল।

প্রথম ৪০ মিনিটে যে কয়েকটি হাফ-চান্স তৈরি হয়েছে, তার সবগুলোই পর্তুগিজদের। প্রতিপক্ষের রক্ষণে তারা প্রথম ভীতি ছড়ায় ষষ্ঠ মিনিটে, তবে ফাঁকায় বল পেয়ে ডি-বক্সে ঢুকে দিয়োগো জটা যে শটটি নেন, তা লক্ষ্যের ধারেকাছেও ছিল না। ২৫তম মিনিটে থিবো কোর্তোয়ার পরীক্ষা নেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার ফ্রি কিক ঝাঁপিয়ে ফেরান বেলজিয়ান গোলরক্ষক।

ধীরে ধীরে গুছিয়ে ওঠা বেলজিয়াম ৪২তম মিনিটে তাদের প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই এগিয়ে যায়। তমা মুনিয়ের পাস ডি-বক্সের বেশ বাইরে পেয়ে একটুখানি আড়াআড়ি এগিয়ে বুলেট গতির শট নেন তোরগান, বল শেষ মুহূর্তে সামান্য বাঁক খেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেয়।

পায়ে অস্বস্তি বোধ করায় দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠ ছেড়ে যান বেলজিয়ামের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেভিন ডে ব্রুইনে।

শুরুর মতো এই অর্ধেও চাপ ধরে রাখে পর্তুগাল। ৫৮তম মিনিটে দারুণ একটি সুযোগও পায় তারা; কিন্তু রোনালদোর পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে উড়িয়ে মারেন লিভারপুল ফরোয়ার্ড জটা।

৭০-৮০ এই ১০ মিনিটে কয়েকটি ফাউলের ঘটনায় ম্যাচে উত্তেজনা ছড়ায়। পর্তুগালের এক ও বেলজিয়ামের দুজন হলুদ কার্ডও দেখেন। পরপর দুই মিনিটে দারুণ দুটি সুযোগ পায় পর্তুগাল। তবে রুবেন দিয়াসের হেড গোলরক্ষক ফেরানোর পর রাফায়েল গেররেরোর শট বাধা পায় পোস্টে।

বাকি সময়েও একচেটিয়া চাপ ধরে রাখে পর্তুগাল। সম্ভাবনাও জাগে, এই বুঝি হলো গোল। তবে রক্ষণ জমাট রেখে জয় নিশ্চিত করে গ্রুপের তিন ম্যাচই জিতে নকআউটে আসা রবের্তো মার্তিনেসের দল। উচ্ছ্বাসে মাতে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টরা।

জার্মানির মিউনিখে আগামী শুক্রবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ইতালির মুখোমুখি হবে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম।

এটাই যে ইউরোর মঞ্চে রোনালদোর শেষ ম্যাচ হয়ে থাকবে, তা অন্তত বলে দেওয়া যায়। শেষটা ভীষণ হতাশার হলেও ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে এই আসর স্মরণীয় হয়ে থাকবে ৩৬ বছর বয়সী তারকার ক্যারিয়ারে।

অপরদিকে গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোরে ‘বি’ গ্রুপের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

দুই দলের অবস্থান পয়েন্ট টেবিলের দুই প্রান্তে। ব্রাজিল আগেই নিশ্চিত করেছে কোয়ার্টার-ফাইনাল। অন্য দিকে একুয়েডরের সামনে শঙ্কা ছিটকে যাওয়ার। তাই সাধ্যের সবটুকু দিয়েই শুরু থেকে লড়াই করল দলটি। থামিয়ে দিল ব্রাজিলের জয়রথ।

ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল গোলের উদ্দেশে শট নেয় মোট ৬টি। ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে একুয়েডরের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল।

নেইমার-কাসেমিরোকে ছাড়া খেলতে নামা ব্রাজিলের সঙ্গে একুয়েডর লড়াই করে সমানে-সমান। প্রথম ২৫ মিনিটে গোলের জন্য নেয় চারটি শট। তবে সেভাবে আলিসন বেকারকে ভাবাতে পারেনি দলটি।

অষ্টম মিনিটে বল দখলের চেষ্টায় লাফিয়ে স্বাগতিক মিডফিল্ডার দগলাস লুইসের হেডে মাথায় আঘাত পান মোইসেস কেইসেদো। এর কিছুক্ষণ পর মাঠ ছাড়েন একুয়েডরের এই মিডফিল্ডার।
ecuador 280621 03 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
দশম মিনিটে ৪০ গজ দূর থেকে আচমকা শটে গোলের চেষ্টা করেন এনের ভালেন্সিয়া। একটু এগিয়ে থাকা আলিসন দ্রুত ফেরেন জায়গা মতো। একুয়েডর ফরোয়ার্ডের শট একটুর জন্য ছিল না লক্ষ্যে।

৩৭তম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগে ব্রাজিলকে এগিয়ে নেন মিলিতাও। এভেরতনের ফ্রি কিকে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলকে চেপে ধরে একুয়েডর। সুফল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের।

৫০তম মিনিটে আনহেলো প্রেসিয়াদোর শট ব্রাজিলের একজন খেলোয়াড়ের গায়ে লেগে একটুর জন্য লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে ডি-বক্স থেকে ভালেন্সিয়ার শট একজনের গায়ে লেগে পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

৫২তম মিনিটে সমতা ফেরায় একুয়েডর। কর্নার থেকে বল পেয়ে হেডে ভালেন্সিয়া খুঁজে নেন আনহেল মেনাকে। বাকিটা অনায়াসে সারেন তিনি।

মাঠে নামার পরপরই গোল পেয়ে যাচ্ছিলেন ভিনিসিউস জুনিয়র। তবে ৬৭তম মিনিটে লুকাস পাকুয়েতার ক্রসে খুব কাছ থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

৮০তম মিনিটে মেনার ফ্রি কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। শেষ দিকেও এসেছিল সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দলই।

আগেই শীর্ষ স্থান নিশ্চিত করা ব্রাজিল ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারানো পেরু ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে।

৪ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। ৩ পয়েন্ট নিয়ে তাদের পরেই একুয়েডর। ২ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে বিদায় নিল ভেনেজুয়েলা।