টেকনাফের সাবরাংয়ে ৭ম শ্রেনীর ছাত্রসহ জোড়া খুনের ঘটনায় থানায় মামলা, আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
গত বৃহস্পতিবার টেকনাফের সাবরাং হারিয়াখালী সৈকত এলাকা হতে মো. হেলাল (১৮) ও মিজান (১৫) নামের দুই কিশোরের লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহত স্কুল ছাত্র মিজানের মাতা রশিদা বেগম বাদী হয়ে ৬জন নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলা নং-১৯। পুলিশ মামলার প্রধান আসামী কচুবনিয়া এলাকার ওসমান গনির পুত্র মো. রফিককে আটক করেছে। শনিবার বিকালে কচুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা মামলা ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে হারিয়াখালী সৈকত এলাকা হতে ১১ঘন্টার ব্যবধানে হেলাল ও মিজান নামে দুই খালাত ভাইয়ের লাশ উদ্ধার করেছিল পুলিশ। আগের দিন রাত থেকে তারা নিখোঁজ হয়ে যায়।
মিজানের পিতা জানিয়েছিলেন স্থানীয় ওসমান গনির পুত্র রফিকের স্ত্রীর হেলালের সাথে পালিয়ে যাওয়ার ঘটনায় হেলালকে হুমকি ধামকি দিয়েছিল রফিক ও তার ভাইয়েরা। সেই ঘটনার সূত্র ধরে হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে তিনি ধারনা করেছিলেন।
পরবর্তীতে বাদীর দায়ের করা মামলায় সেই রফিককে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রধান আসামীকে আটক করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, ধৃত আসামীকে রোববার আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন জানানো হবে।