জাতীয়করণের ৭ বছর পর অধ্যক্ষ পেলো টেকনাফ কলেজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

জয়নাল আবেদীন: বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয়করণের দীর্ঘ সাত বছর পর সীমান্ত জনপদ টেকনাফের একমাত্র সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ বিসিএস ক্যাডার গিয়াস উদ্দীন যোগদান করেছেন। এর আগে তিনি চট্টগ্রাম কলেজের দর্শন বিভাগ প্রধানের দায়িত্বে ছিলেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় তিনি কলেজে যোগদান করেন। এসময় তাকে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন।

টেকনাফ সরকারি কলেজ ১৯৯৪ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালের ৬ মে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি লাভ করে। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় বিষয়ে স্নাতক (পাস) চালু রেখেছে। ২০১৮ সালের ১৮ই আগস্ট কলেজটি সরকার কর্তৃক জাতীয়করণ করা হয়। সরকারীকরণের আগে থেকে কলেজে অধ্যক্ষের পদটি শূন্য ছিল। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বিসিএস শিক্ষা ক্যাডার থেকে একজন অধ্যক্ষ নিয়োগ প্রদান করা হয়।

5454 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

টেকনাফ সরকারি কলেজের অধ্যক্ষ কার্যালয়ে, নবনিযুক্ত অধ্যক্ষ গিয়াস উদ্দীন শিক্ষকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন।

তিনি শিক্ষদের উদ্দেশ্য করে বলেন, কলেজের অধিকাংশ শিক্ষক যেহেতু কক্সবাজারের আমরা পরস্পর ভেদাভেদ না রেখে আলাপ-আলোচনা করে কলেজের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবো। আপনারা রুটিন অনুযায়ী যথারিতি ক্লাসে চলে আসবেন এবং আমাকে সহযোগিতা করবেন। এই কলেজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের মেধা, শক্তি ও কৌশল কাজে লাগিয়ে সম্মিলিতভাবে চেষ্টা অব্যাহত রাখতে হবে।

নবনিযুক্ত অধ্যক্ষ টেকনাফবাসীর উদ্দেশ্যে বলেন, আজকে আমি এই প্রতিষ্ঠানে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই জনপদের মানুষকে আমার যতটুকু সাধ্য আছে আমি যথেষ্ট দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।

এই জনপদের শিক্ষার্থীরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয় যথাসাধ্য চেষ্টা থাকবে জানিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানে অনার্স-মাস্টার্স চালু করার বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যেভাবে কার্যকর করা যায় চেষ্টা করবো। পিতা-মাতা যেভাবে নিজ সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আমরা সেভাবে চেষ্টা করবো যাতে এই প্রতিষ্ঠান সমৃদ্ধ হয় এবং উপজেলায় শিক্ষার হার বাড়ে।

টেকনাফ সরকারি কলেজের সদ্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম ২০২২ সালের জানুয়ারি মাসে দায়িত্বগ্রহণ করেছিলেন। কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নবনিযুক্ত অধ্যক্ষকে রাত-দিন যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। কলেজের সার্বিক সমস্যা সমাধানে নিজের সর্বোচ্চ অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের প্রত্যাশা পূরণের চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে আশ্বস্ত করেছেন।

দীর্ঘ প্রতিক্ষার পর টেকনাফ সরকারি কলেজে বিসিএস ক্যাডার থেকে একজন অধ্যক্ষ যোগদান করায় অভিভাবক, শিক্ষাবিদ, রাজনীতিবীদ ও বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। আপাতত টেকনাফ বাসীর জন্য এর চেয়ে বড় সুখবর আর কিছু নেই বলে মনে করছেন তারা। যেহেতু এই জনপদের গরীব ও মধ্যবিত্তের জন্য এটি একমাত্র সরকারি কলেজ। নতুন অধ্যক্ষের নেতৃত্বে কলেজটি ঘুরে দাঁড়াবে, ঘুচবে ৩০ বছরের বন্ধ্যাত্ব চালু হবে অনার্স-মাস্টার্স এমনটাই প্রত্যাশা করছেন টেকনাফবাসী।###