চকরিয়ায় ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিকে হত্যার দায় স্বীকার আটক সহকর্মীর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

এম জিয়াবুল হক, চকরিয়া :

চকরিয়ায় ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিকে হত্যার দায় স্বীকার করেছে আটক একই কোম্পানীর এম আর আশিক বিল্লাহ। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত আশিক বিল্লাহ এ দায় স্বীকার করেন বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার পরিদর্শক তদন্ত আব্দুল জব্বার।

তবে কি কারনে এ হত্যা তা বিকালে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।

 

উল্লেখ্য শনিবার রাত আনুমানিক দশটার দিকে চকরিয়া হাসপাতাল মাঠের মসজিদের পাশে ঘটেছে এ ঘটনা। নিহত এরশাদ আলী কুষ্টিয়া জেলার মীরপুর থানা এলাকার বাসিন্দা।  তিনি ওষুধ কোম্পানি হেল্থ কেয়ারের এসআর হিসেবে কর্মরত রয়েছেন।

এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে আশিক বিল্লাহ (৩৪) নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। ঘটনার পর আশিক বিল্লাহ ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটর সাইকেল নিতে এসে আটক হয়েছেন।
আটককৃত আশিক বিল্লাহ ওষুধ কোম্পানি হেল্থ কেয়ার এর চকরিয়া ডিপোর এমআর।
ঘটনার সময় হাসপাতাল মাঠের মসজিদে এশার নামাজ পড়ছিলেন বেশ কয়েকজন মুসল্লী। জানতে চাইলে তারা বলেন, শনিবার রাত আনুমানিক দশটার দিকে মসজিদের পশ্চিম দক্ষিণ কোণে ঘাসের উপর রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে একজন চিৎকার দেন। এসময় মুসল্লীরা মসজিদ থেকে বের হয়ে দেখতে পান এক যুবকের নিথর দেহ সেখানে পড়ে আছে। পরে মুসল্লীসহ আশপাশের লোকজন জড়ো হচ্ছে দেখে চিৎকার দেওয়া যুবক ঘটনাস্থলের পাশে ফেলে যাওয়া তার মোটর সাইকেল নিয়ে চম্পট দিতে চেষ্টা করে।
প্রত্যক্ষর্দশীরা জানান, মোটর সাইকেল নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করা যুবকের গতিবিধি উপস্থিত সকলের কাছে সন্দেহজনক হওয়ায় তাকে ধরে ফেলে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষর্দশী লোকজন জানান, ধারণা করা হচ্ছে, ঘটনার সময় আটককৃত ওষুধ কোম্পানির এমআর আশিক বিল্লাহসহ ৩/৪জনের একটি চক্র হত্যাকান্ডে অংশ নেন। ঘটনার পর সবাই পালিয়ে গেলেও ফেলে যাওয়া মোটর সাইকেল নিতে এসে উল্টো চিৎকার চেচামেচি দিয়ে ঘাতক আশিক বিল্লাহ ধরা পড়েছে।