সংবাদ বিজ্ঞপ্তি : চট্টগ্রাম র্যাব-৭ এর আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও মোটর সাইকেলসহ সাতকানিয়া এবং হাটহাজারীর ৩জন মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ১৮ অক্টোবর বিকাল পৌনে ৪টারদিকে কক্সবাজার হতে মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে র্যাব-৭ এর একটি চৌকষ আভিযানিক দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে মেসার্স নিউ সাতকানিয়া ফার্নিচার মার্ট এর সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা মোটর সাইকেলটিকে থামানোর সংকেত দিলে মোটর সাইকেলটি র্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে সাতকানিয়া থানার গাজীর পাড়া গারাঙ্গিয়ার মৃত নাসির উদ্দিনের পুত্র মোঃ আরিফুল ইসলাম (২৮) ও রঙ্গিন পাড়ার মৃত ফজল করিমের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) কে আটক করে স্বাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ ও শপিং ব্যাগ তল্লাশী করে ৯হাজার ৯শ পিস ইয়াবা পাওয়া যায় এবং আসামীদের ব্যবহৃত মোটর সাইকেলটি (চট্ট মেট্রো-ল-১৫-৪০৬১) জব্দ করা হয়।
অপরদিকে দুপুর পৌনে ৩টারদিকে হাটহাজারীর চৌধুরীহাট বাজারের পিছনে মুরগির হাট রাস্তার সংলগ্ন ইছহাক প্লাজার অন্তর্গত নয়ন জেন্টস পার্লার দোকানের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউপির মির্জাপুর গ্রামের মৃত আব্দুল মোনাফের পুত্র মোঃ আব্দুল মান্নান(৩২) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৬হাজার ৯শ ২০পিস ইয়াবাসহ তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার,টেকনাফ হতে এসব মাদকের চালান সংগ্রহ ও পাচার কাজে নিয়োজিত ছিলেন।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনের পৃথক মামলায় জব্দকৃত মাদক ও মোটর সাইকেলসহ স্ব স্ব থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোঃ মাহ্মুদুল হাসান মামুন নিশ্চিত করেন।
