চকরিয়ায় দুই কিশোরীকে জোরপুর্বক ধর্ষণ : অভিযুক্ত ধর্ষকদের বাবা ও ভাই আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় মা-বাবা না থাকার সুযোগে কৌশলে বসতঘরে ঢুকে ভয় দেখিয়ে দুই কিশোরীকে জোরপুর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষণে অভিযুক্তদের বাবা ও ভাইকে আটক করেছে। শুক্রবার রাতে এ ধর্ষনের ঘটনা ঘটলেও গতকাল সোমবার বিকালে ঘটনাটি স্থানীয়দের মাঝে জানাজানি হয়। উপজেলার বিএমচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বেতুযা বাজারস্থ বেরাপাড়া এলাকায় এ ধর্ষনের ঘটনা ঘটে।
আক্রান্ত এক কিশোরীর বাবা জানান, গত শুক্রবার আমার স্ত্রীকে চিকিৎসা করার জন্য কক্সবাজারে যাই। ওইদিন রাতে চিকিৎসা করতে বিলম্ব হওয়ায় আর বাড়ি ফেরা হয়নি। পরদিন বিকালে বাড়িতে আসলে আমার মেয়ে ও তার সাথে রাতে বাড়িতে থাকা বান্ধবীকে ধর্ষণ করার ঘটনার বর্ণনা দেয়। এ সময় তাদের শরীর ভালো করে দেখলে আক্রান্তে আলামত পাওয়া যায়। ঘটনাটি সামাজিক মানসম্মানের ভয়ে স্থানীয় কোন ব্যক্তিদের বিষয়টি অবহিত করেনি। ধর্ষণের ঘটনায় স্থানীয় দুই যুবক জড়িত।
তিনি আরও জানান, ঘটনার শিকার আমার মেয়ের বান্ধবীর বাবাকে ম্যানেজ করে জড়িতরা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলে এলাকার লোকজনের মাঝে বিষয়টি প্রকাশ পায়। এরপর গতকাল সোমবার বিকালে ঘটনায় জড়িতদের আসামী করে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করি। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এক আসামীর পিতা ও অপর আসামীর ভাইকে আটক করেছে।
বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এস জাহাঙ্গীর আলম বলেন, দুই কিশোরী ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি আক্রান্ত পরিবারের কেউ আমাকে অবহিত করেনি। তবে ঘটনায় জড়িত দুইজনকে পুলিশ আটক করলে বিষয়টি সম্পর্কে জানতে পারি।
চকরিয়া থানার ওসি (তদন্ত) এ.কে.এম সফিকুল আলম চৌধুরী বলেন, ধর্ষণের ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দেয়ার পরপর তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই। ধর্ষণের ঘটনায় জড়িত এক আসামীর পিতা ও ভাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা আনা হয়েছে। তবে ধর্ষকদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমদের উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
তিনি বলেন, আক্রান্ত দুই ভিকটিমকে মঙ্গলবার সকালে শাররীক পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসিতে) সেন্টারে পাঠানো হবে। #