টেকনাফে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় নিরীহ ব্যক্তির নাম সংবাদে জড়ানোর অভিযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : গত ২৪ মার্চ (মঙ্গলবার) বিকালে পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় লুডু খেলায় কথা কাটাকাটিকে কেন্দ্র করে মোঃ আবু তাহের বাবুর্চি নামে একজন পুরাতন রোহিঙ্গা খুন হয়েছেন। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় বিভিন্ন অনলাইন ও পত্রিকায় প্রকাশিত সংবাদে নুর ইসলাম নামে নিরীহ এক ব্যক্তির নাম জড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নুর ইসলামের স্ত্রী অভিযোগ করেন, শত্রুতাবশত সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে তার স্বামীর নামটি জড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ তিনি এলাকায় নেই দীর্ঘদিন। ৬ সন্তানের জননী এই নারী জানান ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই আছেন তাদের সাথে কথা বললে জানা যাবে যে নুর ইসলাম সেখানে ছিল না।

এব্যাপারে নিহত তাহেরের স্ত্রী রহিমা খাতুনের সাথে কথা বললে তিনি জানান, সিরাজের পুত্র নুর ইসলাম ঘটনাস্থলে ছিলেন না, তবুও কিভাবে কারা তার নাম জড়িয়ে দিচ্ছেন তা তার জানা নেই। এই ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

এদিকে ৬ সন্তান নিয়ে আশংকায় ভুগছেন নুর ইসলামের স্ত্রী সখিনা খাতুন। কান্নাজড়িত কন্ঠে তিনি প্রশাসন, আইন শৃংখলা বাহিনী ও সাংবাদিক মহল সহ সকলের প্রতি আকুল আবেদন জানিয়েছেন প্রকৃত সত্য প্রকাশ করার জন্য এবং স্বামী নিরীহ নুর ইসলামকে ঘটনায় যেন না জড়ানো হয়।

এদিকে স্থানীয় লোকজন জানান, আবুল কাসেমের পুত্র নুরুল আমিন পুতুইয়া তাহেরকে ছুরিকাঘাতে হত্যা করেছে যা তদন্ত করলে বেরিয়ে আসবে।