চকরিয়া কৈয়ারবিল ইউপি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি নৌকার প্রার্থীর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন আওয়ামীলীগ তথা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জন্নাতুল বকেয়া রেখা। নির্বাচনে বিএনপি-জামায়াত চক্রের অপতৎপরতার আশঙ্কা থাকায় অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নৌকার প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা ইতোমধ্যে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।
লিখিত আবেদনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জন্নাতুল বকেয়া রেখা বলেন, আগামী ২৮ নভেম্বর চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কৈয়ারবিল ইউনিয়নে ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহনের সিদ্বান্ত নিলেও এখানে বিএনপি জামায়াত চক্রের একটি অপশক্তি নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বানচাল করতে গোপনে কাজ করছেন। একারণে তিনি অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে কৈয়ারবিল ইউপি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের জন্য জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন জমা দিয়েছেন।
আবেদনের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পাঠিয়েছেন। সাধারণ ভোটারদের সবধরণের ভীতি লাগবে এবং সুবিধার্থে এই অবস্থায় কৈয়ারবিল ইউপি নির্বাচনে অবাধ সুষ্ঠ ও শান্তিপুর্ণ একটি নির্বাচন নিশ্চিত করতে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী জন্নাতুল বকেয়া রেখা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। #