চকরিয়ায় নতুন আইন সম্পর্কে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় নতুন সড়ক পরিবহন আইন নিয়ে এক জনসচেতনতামুলক সভা (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনালে অনুষ্ঠিত হয়। চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চিরিংগা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. সেলিম উদ্দিন, মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোরশেদুল আলম ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক নেতা কামাল আযাদ।
সভায় চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান বলেন, মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে সবাইকে নতুন সড়ক পরিবহন আইন মেনে চলতে হবে। ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) ও তিন চাকার গাড়ি মহাসড়কের উপর দিয়ে চলতে দেয়া যাবেনা। গাড়ি চালানোর ক্ষেত্রে চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিষ্ট্রেশন ও রোড় পারমিট অবশ্যই ঠিক থাকতে হবে। কোন অবস্থাতেই সিগন্যাললাইট ছাড়া রাস্তায় গাড়ি চালানো যাবেনা।
বক্তারা আরও বলেন, সড়ক পরিবহন আইন মেনে চলতে সারা দেশের ন্যায় চকরিয়াতেও ইতিপূর্বে জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। সড়কে জীবনহানি ঠেকাতে হলে গাড়ি চালানোর সময় মাদক সেবন, মাদক পরিবহন ও চালক কোন অবস্থাতেই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেনা। সেইজন্য সড়কে চালকরা মাদক সেবন করে গাড়ি চালাচ্ছেন কিনা তা পরীক্ষা করার জন্য হাইওয়ে পুলিশের কাছে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। প্রয়োজনে এটি ব্যবহার করতে হবে।
ওসি আরো বলেন, গাড়ি চালানোর সময় মাদক সেবনের প্রমান পেলে তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সড়কে দূর্ঘটনা রোধে চালকসহ সবাইকে নতুন সড়ক পরিবহন আইন যথাযতভাবে মেনে চলার আহবান জানান বক্তারা। এসময় পরিবহন শ্রমিক নেতারাও সড়ক পরিবহন আইন যথাযতভাবে মেনে গাড়ি চালানোর অঙ্গিকার করেন।
অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, পরিবহন শ্রমিক নেতা মো. ভূট্টো, মো. রফিক (১) ও মো. রফিক উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ সকল স্থরের লোকজন উপস্থিত ছিলেন।##