টেকনাফ টুডে ডেস্ক : শহরে জায়গার অভাবে অনেকেই ছাদে বা বারান্দায় পছন্দসই গাছ লাগিয়ে বাগান করার চেষ্টা করেন। অভিজ্ঞতা নতুন হলে কীভাবে গাছ লাগাবেন তা হয়তো সহজে বুঝতে পারেন না। তাদের জন্য রইল কিছু পরামর্শ
সঠিক জায়গা বেছে নিন : বাড়ির কোন জায়গায় বাগান করলে ভালো হবে সেটা আগে বুঝতে হবে। ছাদে বা ব্যালকনি যে জায়গায় প্রতিদিন আপনার চোখ পড়বে এমন জায়গায় বাগান করুন। গাছ লাগানোর পর নিয়মিত পরিচর্যা করুন।
সূর্যের আলো : ভালোভাবে গাছ বেচে থাকার জন্য সূর্যের আলোর দরকার হয়। সূর্যের আলো পড়বে এমন জায়গা বেছে নিতে হবে গাছের জন্য।
পানির ব্যবস্থা : পানির ট্যাংক আছে ছাদের যে জায়গায় তার আশপাশে বাগান করুন। সামনে পানি থাকলে গাছে পানি দিতে সুবিধা হবে।
ভালো মাটি : গাছ বড় হওয়ার জন্য দরকার ভালো মাটি। পানি শোষণের ক্ষমতা আছে এমন মাটি দরকার। সেই সঙ্গে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ মাটি গাছের বেড়ে ওঠায় সাহায্য করে।
সঠিক গাছ বসান : গাছ লাগানোর আগে জেনে নিতে হবে কোন গাছের কী প্রয়োজন। অনেক গাছের বেশি রোদ লাগে, আবার কম রোদেও হয় কিছু গাছ। সব গাছ সব আবহাওয়ায় হয় না। যার থেকে গাছ কিনছেন সাধারণ এই জিনিসগুলো তার কাছ থেকে জেনে নিন।
গার্ডেন বেড : গাছ বড় হওয়ার জন্য বেড লাগে। গার্ডেন বেড বানালে একই জায়গায় অনেক রকম গাছ বসাতে পারবেন।
কম্পোস্ট ব্যবহার করুন : ডিমের খোসা, টি ব্যাগ, কফি হলো অর্গানিক কম্পোস্ট। এগুলো মাটিতে দিলে তাড়াতাড়ি গাছ বেড়ে উঠবে। মাটির আর্দ্রতা ধরে রাখতে, কীটপতঙ্গ ও রোগের সঙ্গে লড়াই করতে, ভালো ব্যাকটেরিয়ার বিকাশে সাহায্য করে কম্পোস্ট।
