চকরিয়ায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে সিএনজি অটো রিকশা যাত্রী নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া |
কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মোহাম্মদ হোসাইন (২৭) নিহত হয়েছেন। গতকাল সোমবার (৩০ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী-মহেশখালী সড়কের ঈদমনি লালব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোসাইন উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা পাড়ার মনজুর আলমের ছেলে।
ঈদমনি লালব্রীজ স্টেশনের ব্যবসায়ীরা জানান, বদরখালী থেকে চকরিয়া উপজেলা সদর অভিমুখে যাওয়া যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা যাত্রী মোহাম্মদ হোসাইনের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশাটির আরও তিন যাত্রী আহত হয়েছেন। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মোহাম্মদ হোসাইনের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়ীটি নিয়ে এর চালক পালিয়ে গেছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।#