চকরিয়ায় চিংড়িজোনে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষে গোলাগুলি, ডাকাত নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়ায় চিংড়িজোনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের গুলিতে নুরুল আমিন (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছে। এসময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৩৫-৪০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গতকাল বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের চিংড়িজোন সওদাগর ঘোনাস্থ বালুচিড়া এলাকায় ঘটেছে এ গোলাগুলির ঘটনা। নিহত নুরুল আমিন চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনার ৫নং ওয়ার্ডের মৃত জহির আহমদের ছেলে।
ঘটনার সময় ডাকাতের মারধরে মীর কাশেম (৩৮) নামের এক ইউপি মেম্বার আহত হয়েছেন। তিনি বর্তমানে চকরিয়া উপজেলার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মীর কাশেম চিরিংগা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার এবং সওদাগরঘোনা গ্রামের রশিদ আহমদের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার চিরিংগা ইউনিয়নের চিংড়িজোন সওদাগর ঘোনা ও চরণদ্বীপের এলাকার মৎস্য প্রকল্প থেকে চাঁদাবাজির ঘটনার জেরে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার চলে আসছে ডাকাত নুরুল আমিন ও নাসির বাহিনীর মধ্যে। এরই জের ধরে বুধবার ভোররাতে দুইপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৩৫-৪০ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে গতকাল ভোররাতে থানার এসআই আবদুল খালেক ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশের একটি ঘটনাস্থলে পৌঁছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নিহত নুরুল আমিনের লাশ উদ্ধার করা হয়েছে। ওসি বলেন, প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরী শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ডাকাত নুরুল আমিন ওরফে আমিন্যা ডাকাতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপসহ নানা অপরাধের অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে। তন্মধ্যে কয়েকটি মামলায় আদালতের পরোয়ানা রয়েছে।
তিনি আরো বলেন, গোলাগুলির ঘটনায় অপরপক্ষে নেতৃত্ব দেওয়া ডাকাত সর্দার নাছির উদ্দিনসহ তাঁর সহযোগিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।