এম.জিয়াবুল হক,চকরিয়া:চকরিয়া থানা পুলিশের অভিযানে প্রতিবন্ধি শিশু শিক্ষার্থী ধর্ষন মামলার আসামি জিয়াউল করিম প্রকাশ জিয়াউল হককে (৩২) চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার এসআই আবদুল খালেক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে চট্টগ্রামের চান্দগাও থানার বিয়ারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জিয়াউল চকরিয়া উপজেলার ডুলাহজারা ইউনিয়নের মালুমঘাট ছগিরশাহকাটা রিংভংস্থ সোয়াজানিয়া গ্রামের নুরুল কাদেরের ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার এসআই আবদুল খালেক বলেন, গ্রেফতারকৃত জিয়াউল কয়েকমাস আগে বাড়ির পাশে ফুসলিয়ে প্রতিবন্ধি এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করেন। তিনি বলেন, মামলাটি রুজু হওয়ার পর থেকে আসামি জিয়াউল পুলিশের গ্রেফতার এড়াতে চট্টগ্রাম শহরে আত্মগোপনে চলে যায়। মুলত তাকে গ্রেফতারে নিজবাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ সোর্স মারফত জানতে পারি পাষন্ড জিয়াউল চট্টগ্রাম শহরের চান্দগাও এলাকায় অবস্থান করছে। এরপর নিশ্চিত হয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
