এম.জিয়াবুল হক : মাহে রমজান উপলক্ষে চকরিয়া উপজেলার বিভিন্ন জনপদে অভাবগ্রস্থ গরীব পরিবারের মাঝে চাউল বিতরণ করেছেন চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। বৃহস্পতিবার বিকালে তিনি চকরিয়া পৌরসভার জালিয়াপাড়া গ্রামে অভাবগ্রস্থ অন্তত পাঁচশতাধিক গরীব পরিবারের মাঝে চাউল বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী গরীব মানুষের হাতে হাতে চাউল তুলে দেন।
চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কবির হোসেন, চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সমাজ সেবক হাজি আবুল কালাম, ২নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার বাদশা, সমাজসেবক ওয়ায়দুল হাকিম, কৃষকলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গরীব পরিবারের বিপুল নারী-পুরুষ।
চাউল বিতরণ অনুষ্ঠানে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেছেন, চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার গরীব পরিবারের লোকজন আমাকে স্বরণকালের ভোট দিয়েছেন। নির্বাচনের সময় অনেক গরীব মানুষ ভালোবাসা দেখিয়ে আমাকে টাকা দিয়েছেন। নির্বাচনে জয়ী হতে তাঁরা বিনা টাকায় স্বেচ্ছাসেবকের ভুমিকা পালন করেছেন। আমি গরীব এসব মানুষের ঋণ শোধ করতে পারবোনা।
তিনি বলেন, উপজেলা পরিষদে অর্পিত দায়িত্ব পালনে আমি চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার গরীব ও অভাবগ্রস্থ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবো। অতীতের মতো সবসময় আমার দরজা এসব দু:স্থ মানুষের জন্য খোলা থাকবে। আমার কাছে ধনী গরীব কোন বৈষম্য হবেনা। অতীতেও ছিলনা, আগামীতেও থাকবেনা।
উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, সম্মানিত চকরিয়াবাসি আমাকে একটু সময় দিন, আমি চকরিয়া উপজেলার প্রতিটি জনপদে গরীব ও দু:স্থ মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করবো ইনশাল্লাহ। সরকারি সব ধরণের সহায়তা গরীবদের মাঝে সমানহারে বন্টন করা হবে।
